পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজার ওয়াসা পানির পাম্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থীর নাম রাকিবা (২০)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা। তিনি কলতাবাজারে একটি ভাড়া মেসে থাকতেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
জবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। বিষয়টি আমরা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রাকিবার সঙ্গে গতকাল রাতে সর্বশেষ কথা হয়েছিল। সে তখন মেসে সম্পূর্ণ একা ছিল। সে তার মাকে জানায় তার শরীর ভালো না। পরে কথা বলবে। এরপর আর বাড়ির কারও সঙ্গে যোগাযোগ হয়নি। আজ তার মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে, তার বান্ধবীদের জানায়। তখন তার বান্ধবীরা মেসে যায় এবং দরজা ভেতর থেকে বন্ধ পেলে—তারা সাহায্য নিয়ে দরজা ভেঙে ফেলে। এরপর রুম থেকে রাকিবাকে উদ্ধার করা হয়।
মন্তব্য করুন







