আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২ দিনের ছুটি ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুই দিন দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সাধারণ ছুটির পরপরই ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। মূলত ভোটারদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুবিধার্থেই এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মন্তব্য করুন








