সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’-এর ১৫০(১) বিধি অনুযায়ী সব সরকারি ক্রয় ই-জিপি পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান যদি বিশেষ কারণে এই ডিজিটাল পদ্ধতিতে ক্রয় করতে অসমর্থ হয়, তবে তাদের অবশ্যই বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পূর্বানুমোদন নিতে হবে।
এতে আরও বলা হয়, অধিদপ্তরের মহাপরিচালক ক্রয়কারী সংস্থার প্রধানের আওতাধীন সব প্রকল্প, আঞ্চলিক কার্যালয়গুলো, সব সরকারি কলেজ, সব মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টিটিসি, এইচএসটিটিআই এবং ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) অ্যাকাডেমিতে সরকারি ক্রয় কার্যক্রম ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
কার্যক্রমটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অফিস প্রধানদের নির্ধারিত ছক অনুযায়ী ডোমেন আইডি এবং কর্মকর্তাদের ইউজার আইডি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সনাতন পদ্ধতির বিল-ভাউচারের পরিবর্তে ডিজিটাল পোর্টাল ব্যবহারে স্বচ্ছতা বাড়বে এবং টেন্ডারবাজি বা কেনাকাটায় দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে আসবে।
মন্তব্য করুন








