সবকিছু থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তার এমন আকস্মিক ঘোষণায় ভক্ত ও বলিপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি সংগীত জগৎকে চিরতরে বিদায় জানাতে চলেছেন এ গায়িকা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্টে নেহা এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু আসছে তার সবকিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনো ফিরে আসব কি না। ধন্যবাদ।’
সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের (পাপারাজ্জি) উদ্দেশে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। তাদের উদ্দেশে নেহা লেখেন, ‘ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি, আপনারা আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।’
সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। তাহলে কি ট্রলিং সহ্য করতে না পেরেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
মন্তব্য করুন








