বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা ব্রিজের সামনে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার সকালে ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভা ও শোডাউনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছে দলটি। সমাবেশে সকাল থেকেই জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, আজকের জনসভা থেকে যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব, ইনশাল্লাহ। কিন্তু যদি এ পথ বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। এই চাঁদা আমরাতো করার প্রশ্নই উঠে না, চাঁদাকে আমরা ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ। এখানে কোনো রাখডাক নেই।
নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে জামায়াত নারীদের সম্পৃক্ত করবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে।
তিনি অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে।
যাত্রাবাড়ী ছাড়াও আজ রাজধানীতে আরও দুটি নির্বাচনী সমাবেশ করবে জামায়াত। ঢাকা-৬ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ২টার দিকে গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এরপর বিকেল ৪টার দিকে ঢাকা-৭ আসনের আওতাধীন বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে দিনের শেষ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন








