লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায় কোথায় লেখা হবে—এই প্রশ্নটা ফুটবল দুনিয়ায় বহুদিনের। ইউরোপ জয়, বিশ্বকাপ ছোঁয়া, আমেরিকায় নতুন অধ্যায়—সবকিছুর পরও একটি নাম বারবার ফিরে আসে, রোজারিওর ছোট্ট ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ। মেসির সেই শৈশবের ঠিকানায় ২০২৭ সালে ফুটবল জাদুকরকে ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে ইতিমধ্যেই নীরব কিন্তু সুপরিকল্পিত এক প্রকল্পে নেমেছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাবটি—যার লক্ষ্য কেবল একজন তারকাকে ফেরানো নয়, বরং একটি শহরের আবেগকে আবার মাঠে নামানো।
আর্জেন্টিনার গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিউয়েল ওল্ড বয়েজ কর্তৃপক্ষ ২০২৭ সালের প্রথমার্ধে মেসিকে ক্লাবে ফেরানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির প্রথম সহসভাপতি হুয়ান ম্যানুয়েল মেডিনা। তার ভাষ্য, এটি কেবল ক্লাবের উদ্যোগ নয়—রোজারিও শহর, প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবলের বৃহত্তর স্বার্থ জড়িত এই প্রকল্পে।
বর্তমানে মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির চুক্তি রয়েছে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। ফলে সময়ের হিসাব অনুযায়ী ২০২৭ সালে তার ক্লাব বদলের সম্ভাবনা খুব বেশি না থাকলেও নিউয়েলসের পরিকল্পনা মূলত দীর্ঘমেয়াদি কৌশল হিসেবেই এগোচ্ছে। ক্লাবটি মনে করছে, ক্যারিয়ারের শেষভাগে শৈশবের ক্লাবে ফেরা মেসির জন্য আবেগঘন ও ঐতিহাসিক এক সমাপ্তি হতে পারে।
এই প্রকল্পের অংশ হিসেবে নিউয়েল ওল্ড বয়েজ অবকাঠামো উন্নয়ন, প্রতিযোগিতামূলক স্কোয়াড গঠন এবং ক্লাবের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার পরিকল্পনা করছে। লক্ষ্য একটাই—মেসির মতো বৈশ্বিক আইকনকে স্বাগত জানানোর মতো পরিবেশ তৈরি করা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, মেসির ঘনিষ্ঠ মহলের সঙ্গে অনানুষ্ঠানিক কথাবার্তাও ইতোমধ্যে হয়েছে, যদিও এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।
মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগে মেসির ফুটবল শিক্ষার প্রথম অধ্যায় কেটেছে নিউয়েলসের একাডেমিতেই। সেই সূত্রেই ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক কেবল পেশাদার নয়, গভীর আবেগেরও। ক্লাব কর্তৃপক্ষ বিশ্বাস করে, বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্যারিয়ারের শেষ গন্তব্য হিসেবে রোজারিওই হতে পারে সবচেয়ে মানানসই ঠিকানা।
তবে সবকিছুই এখনো পরিকল্পনার স্তরে। মেসি নিজে অবসর বা ভবিষ্যৎ ক্লাব নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। তবু নিউয়েল ওল্ড বয়েজের এই স্বপ্ন ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবলভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—হয়তো একদিন সত্যিই ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি ফিরবে তাঁর প্রথম আকাশে।
সূত্র : ইএসপিএন
মন্তব্য করুন








