যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশের ক্রীড়া অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলাধুলার মাঠ থেকে উঠে আসা একজন সংগঠক ও সাবেক ক্রীড়াবিদের এ ধরনের উচ্চপদে অধিষ্ঠিত হওয়া দেশের ক্রীড়াঙ্গনের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত। বিশেষ করে তরুণ ক্রীড়াবিদ ও সমর্থকদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিসিবি মনে করে, শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় অর্জিত অভিজ্ঞতা নীতিনির্ধারণ ও ক্রীড়া প্রশাসনে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক বিবৃতিতে বলেন, আমিনুল হকের নিয়োগ দেশের ক্রীড়া খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে বিভিন্ন ডিসিপ্লিনে ক্রীড়ার উন্নয়নে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
একই সঙ্গে বিসিবি নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেশের সব স্তরের খেলাধুলার অবকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন








