পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগের ধারাবাহিকতাই বজায় রাখছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)। মুসলিম ফুটবলার ও কর্মকর্তারা যেন সূর্যাস্তের সময় ইফতার করতে পারেন, সে জন্য ম্যাচ চলাকালে অল্প সময়ের বিশেষ বিরতির সুযোগ রাখা হবে।
রমজানজুড়ে যুক্তরাজ্যে সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়ে থাকে। এ কারণে শনিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিট ও রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের ম্যাচগুলোতে খেলা থামানোর প্রয়োজন পড়তে পারে। ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক ও রেফারিরা আলোচনা করে ঠিক করবেন বিরতি প্রয়োজন হবে কি না এবং হলে কখন দেওয়া হবে।
তবে এই বিরতিকে কৌশলগত টাইম-আউট বা দলীয় পানি বিরতি হিসেবে ব্যবহার করা যাবে না। খেলা চলমান অবস্থায় থামানো হবে না; বরং গোলকিক, থ্রো–ইন বা ফ্রি–কিকের মতো স্বাভাবিক বিরতির সুযোগেই রোজা ভাঙার জন্য কয়েক মুহূর্ত সময় দেওয়া হবে।
প্রিমিয়ার লিগে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হয় ২০২১ সালে। সে বছর লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের এক ম্যাচে গোলকিকের সময় খেলা থামিয়ে খেলোয়াড়দের ইফতারের সুযোগ দেওয়া হয়েছিল, যা ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর থেকে রমজান এলেই এই প্রথা অনুসরণ করা হচ্ছে।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি রোজা। এই মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে মুসলমানরা ধর্মীয় অনুশাসন পালন করেন। বর্তমানে প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহ, উইলিয়াম সালিবা, রায়ান আইত–নুরি, আমাদ দিয়ালোসহ বেশ কয়েকজন মুসলিম ফুটবলার খেলছেন।
এর আগে বিভিন্ন ফুটবলারও ইংলিশ ফুটবলের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, ধর্মীয় অনুশীলনের প্রতি এই সম্মান খেলোয়াড়দের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং পেশাদার ফুটবলে স্বাচ্ছন্দ্য বাড়ায়।
মন্তব্য করুন








