লিসবনের দা লুজ স্টেডিয়ামে বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষের প্রায় এক ঘণ্টা পর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বর্ণবাদবিরোধী প্রোটোকল কার্যকর হলেও সেটি সঠিকভাবে প্রয়োগ হয়নি।
ভিনিসিয়ুস তার পোস্টে লেখেন, বর্ণবাদীরা মূলত কাপুরুষ এবং নিজেদের দুর্বলতা আড়াল করতেই মুখ ঢেকে অপমানজনক মন্তব্য করে। ম্যাচের সময় বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও সরাসরি নাম উল্লেখ করেননি।
শুধু গ্যালারি বা প্রতিপক্ষ নয়, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন ভিনিসিয়ুস। তার ভাষ্য অনুযায়ী, যাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে, তারা সঠিকভাবে তা পালন করতে পারেননি। বর্ণবাদবিরোধী প্রোটোকল কার্যকর হলেও সেটি ‘ভালোভাবে বাস্তবায়িত হয়নি এবং কোনো কাজে আসেনি’ বলেও উল্লেখ করেন তিনি।

গোল উদ্যাপনের জন্য হলুদ কার্ড দেখানো নিয়েও বিস্ময় প্রকাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার মতে, একটি গুরুত্বপূর্ণ গোলের পর স্বাভাবিক উদ্যাপনের জন্য সতর্কবার্তা পাওয়া তিনি এখনও বুঝে উঠতে পারছেন না।
তবে পুরো ঘটনায় ব্যক্তিগতভাবে আলোচনার কেন্দ্রে থাকতে চান না বলেও স্পষ্ট করেছেন ভিনিসিয়ুস। তিনি জানান, বড় একটি জয়ের পর শিরোনামে দলের পারফরম্যান্স থাকার কথা, কিন্তু প্রয়োজনের তাগিদেই তাকে কথা বলতে হয়েছে। মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরের এই লড়াইও যে তার ক্যারিয়ারের অংশ হয়ে উঠেছে—বিবৃতিতে সেই বাস্তবতারই প্রতিফলন দেখা গেছে।
মন্তব্য করুন








