চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের রিয়াল অধ্যায় নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, তাকে রিয়াল মাদ্রিদ থেকে তাড়ানো হয়নি, বরং তিনি নিজ সিদ্ধান্তেই ক্লাব ছেড়েছিলেন।
মরিনহো বলেন, আমি রিয়াল মাদ্রিদে আমার সময়ের কিছুই বদলাতে চাই না। আমি যা করেছি, নিজের সর্বোচ্চটুকু দিয়েই করেছি। ভুল-ত্রুটি থাকতেই পারে, কিন্তু চেষ্টা কম ছিল না।
তিনি আরও যোগ করেন, রিয়াল সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক এখনো সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার জায়গাতেই রয়েছে।
রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সর্বশেষ যোগাযোগের প্রসঙ্গেও কথা বলেন মরিনহো। তিনি জানান, দুজনের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সুযোগ পেলে আবারও কথা বলতে চান।
আসন্ন ম্যাচ নিয়ে মরিনহো বলেন, রিয়াল মাদ্রিদ এখনো চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম বড় দাবিদার। তবে ফুটবলে অসম্ভব কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। ‘রিয়ালকে হারাতে অলৌকিক কিছু দরকার নেই, দরকার আমাদের নিখুঁত পারফরম্যান্স,’ বলেন এই কোচ।
ভারসাম্যপূর্ণ মন্তব্যের পাশাপাশি মরিনহো স্বীকার করেন, রিয়ালের ইতিহাস, ঐতিহ্য ও মানসিক শক্তি সবসময়ই তাদের এগিয়ে রাখে। তবুও নিজের দলকে উপভোগের সঙ্গে খেলতে বলছেন তিনি, কারণ এমন বড় ম্যাচ খেলাই ফুটবলারদের জন্য সবচেয়ে বড় প্রেরণা।
রিয়াল মাদ্রিদ অধ্যায় নিয়ে শেষ কথা বলতে গিয়ে মরিনহোর সোজাসাপ্টা বক্তব্য, ‘আমি ক্লাব ছাড়ার সময় পরিষ্কার বিবেক নিয়েই বের হয়েছি। আমাকে কেউ বের করে দেয়নি—সিদ্ধান্তটা ছিল পুরোপুরি আমার।’
মন্তব্য করুন








