ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষে রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির বিরুদ্ধে শাস্তিমূলক অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। অভিযোগ প্রমাণিত হলে তার ওপর নিষেধাজ্ঞা আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মাঠে ২-২ গোলে ড্রয়ের পর টেলিভিশন সাক্ষাৎকারে রেফারি রবার্ট জোনসকে ‘নিরপেক্ষ নন’ বলে মন্তব্য করেন রদ্রি। ম্যাচটিতে সিটির পক্ষ থেকে বিশেষভাবে আপত্তি তোলা হয় টটেনহ্যামের একটি গোল নিয়ে, যেখানে রিপ্লেতে দেখা যায় ডমিনিক সোলাঙ্কে সিটির ডিফেন্ডার মার্ক গেহির পায়ের পেছনে লাথি মেরে বল জালে পাঠান। সেই গোলের সুবাদেই পিছিয়ে থেকেও সমতায় ফেরে টটেনহ্যাম।
এফএ এক বিবৃতিতে জানায়, রদ্রি ম্যাচ–পরবর্তী সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যা ম্যাচ কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং সেটি অসদাচরণ হিসেবে বিবেচিত হয়েছে। তাকে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।
এফএ’র নিয়মপুস্তকে মিডিয়ায় দেওয়া মন্তব্যের জন্য নির্দিষ্ট শাস্তির বিধান না থাকায়, অভিযোগ প্রমাণিত হলে স্বাধীন নিয়ন্ত্রক কমিশনই শাস্তির মাত্রা নির্ধারণ করবে। সে ক্ষেত্রে জরিমানা থেকে শুরু করে ম্যাচ নিষেধাজ্ঞাও হতে পারে।
এর আগে ২০২৩ সালে লিভারপুলের তৎকালীন কোচ ইয়ুর্গেন ক্লপ রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন, যা এই ধরনের ঘটনায় সম্ভাব্য শাস্তির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
রদ্রি ম্যাচ শেষে বলেন, ‘রেফারিকে নিরপেক্ষ থাকতে হবে। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু কিছু সিদ্ধান্ত হতাশাজনক।’
যদিও তিনি রেফারিদের প্রতি সম্মান দেখানোর কথা উল্লেখ করেন, তবুও ধারাবাহিক কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই মন্তব্যই শেষ পর্যন্ত তাকে এফএ’র শাস্তিমূলক প্রক্রিয়ার মুখে ফেলেছে।
মন্তব্য করুন








