যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালিতে সামরিক মহড়া শুরু করেছে বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি)। ‘হরমুজ প্রণালি স্মার্ট কন্ট্রোল’ নামে এই লাইভ-ফায়ারিং মহড়ায় কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অনুশীলন করা হচ্ছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই মহড়া নিবিড় পর্যবেক্ষণ ও সরাসরি তত্ত্বাবধান করছেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, মহড়ার লক্ষ্য হলো সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির মুখে নৌবাহিনীর প্রস্তুতি যাচাই করা এবং বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা পরীক্ষা করা। পাশাপাশি পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ইরানের ভূ-রাজনৈতিক অবস্থানকে কাজে লাগানোর কৌশলও অনুশীলন করা হচ্ছে।
এই মহড়া শুরু হয়েছে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হরমুজ প্রণালি এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করেছে। সেখানে F-35 যুদ্ধবিমান, বড় জ্বালানি ট্যাঙ্কার ও অতিরিক্ত নৌসম্পদ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
ড্রপ সাইট নিউজের তথ্য অনুযায়ী, অন্তত ১৬৩টি সি-১৭ ও সি-৫ কার্গো ফ্লাইট যুক্তরাষ্ট্র ও জাপানের ঘাঁটি থেকে ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে গেছে। ১২ ফেব্রুয়ারি মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন এই অঞ্চলে অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, সঙ্গে থাকবে যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ও হাজার হাজার সেনা।
এ ছাড়াও গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প নিশ্চিত করেন, দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের উদ্দেশে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ত্যাগ করবে।
মন্তব্য করুন








