পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই সরকার সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অফিস চলবে। শুক্রবার কাজের সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
সরকারি দপ্তরগুলো চাইলে আরও সহজ কর্মঘণ্টা চালু করতে পারবে। এ ব্যবস্থায় কর্মীরা সকাল ৭টা থেকে ১০টার মধ্যে যে কোনো সময় অফিস শুরু করতে পারবেন। তবে নির্ধারিত মোট কর্মঘণ্টা পূরণ করতে হবে।
যেসব কর্মীর দায়িত্বের ধরন অনুযায়ী সম্ভব, তাদের সপ্তাহে সর্বোচ্চ দুই দিন অফিসের বাইরে বাসা থেকে কাজের সুযোগ দেওয়া হবে। এতে তারা পরিবারকে বেশি সময় দিতে পারবেন। পাশাপাশি রমজানের সামাজিক ও ধর্মীয় বিষয়ে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।
এ ছাড়া শিফটভিত্তিক দায়িত্বে থাকা কর্মী বা জনসেবা ও স্থাপনা ব্যবস্থাপনার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আলাদাভাবে কর্মঘণ্টা নির্ধারণ করবে। এতে সেবাদান কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং মানসম্মত সেবা বজায় থাকে, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুবাই সরকারের মানবসম্পদ বিভাগ জানিয়েছে, কর্মীদের পারিবারিক ও সামাজিক চাহিদা বিবেচনায় রেখে নমনীয় কর্মনীতি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মানসিক সুস্থতা বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অন্যদিকে ইউএই সরকারও রমজান মাসে প্রায় একই ধরনের কর্মঘণ্টা ঘোষণা করেছে। ফেডারেল সংস্থাগুলো অনুমোদিত সহজ কর্মবিধি অনুসরণ করতে পারবে অথবা শুক্রবারে কর্মীদের হোম অফিসের সুযোগ দিতে পারবে। তবে এই সুবিধা প্রতিষ্ঠানের মোট কর্মীর সর্বোচ্চ ৭০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।
মন্তব্য করুন








