পবিত্র রমজানের চাঁদ দেখার জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছিল সৌদি আরবের সুপ্রিম কোর্ট। আরব বিশ্বের বিভিন্ন দেশ এদিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলছে, এদিন সন্ধ্যায় অধিকাংশ আরব ও ইসলামী দেশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। খবর গালফ নিউজের।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, অনেক শহরে চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে। ফলে অর্ধচন্দ্র পর্যবেক্ষণ করা অসম্ভব হবে। সাধারণত সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান, সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব ও সূর্যাস্তের পর আকাশে চাঁদ কতক্ষণ থাকে এসব বিষয়ের ওপর দৃশ্যমানতা নির্ভর করে।
আবু ধাবিতে চাঁদ সূর্যাস্তের এক মিনিট আগে ও রিয়াদে চাঁদ সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগেই অস্ত যাওয়ার পূর্বাভাস রয়েছে। একই অবস্থা দোহা, মানামা ও কুয়েত সিটিতেও। অন্যদিকে কায়রো, আম্মান ও বৈরুতে চাঁদ সূর্যাস্তের কয়েক মিনিট পরে অস্ত যেতে পারে। তবে তা খালি চোখে দেখার মতো পর্যাপ্ত উচ্চতায় থাকবে না। তালিকাভুক্ত স্থানগুলোর মধ্যে কেবল হনলুলুতে টেলিস্কোপের মাধ্যমে সীমিতভাবে দেখার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে যেসব দেশে মঙ্গলবার ২৯ শাবান, সেখানে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
এদিকে আরব বিশ্বের বেশিরভাগ দেশে মঙ্গলবার ২৯ শাবান হলেও পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ভারত, মরক্কো ও মৌরিতানিয়াসহ বিভিন্ন দেশে এদিন ২৮ শাবান হিসেবে গণ্য হয়। বিধায় আরব বিশ্বের একদিন পরই এসব দেশে রোজা, ঈদসহ দিন গণনা হয়ে থাকে।
মন্তব্য করুন








