সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটিতে চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাই আগামীকাল বুধবার পবিত্র রমজান শুরু হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আলেখবারিয়া জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। ফলে আজকে বাদ এশা তারাবিহ নামাজা আদায় করতে মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আকাশেও পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতেও বুধবার রমজানের প্রথম দিন হবে। এ তথ্য নিশ্চিত করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতির আদালত।
এদিকে গালফ নিউজ জানিয়েছে, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান বৃহস্পতিবার রমজানের প্রথম দিন ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশগুলোর আকাশে চাঁদ দেখা যায়নি। এসব দেশের ধর্মীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। অর্থাৎ পরের দিন থেকে প্রথম রোজা শুরু হবে।
এর আগে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইনের আকাশে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ছাড়া ভারত, পাকিস্তান ও বাংলাদেশ বুধবার আকাশে চাঁদের সন্ধান চালাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যদি চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার থেকে, নয়তো শুক্রবার থেকে রোজা শুরু করবে তারা।
মন্তব্য করুন








