পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখ পরীক্ষা করতে বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। এ জন্য তাকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের কাছে যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সুপ্রিম কোর্ট এ নির্দেশ দেন। আগামী ১৬ ফেব্রুয়ারির আগে একটি মেডিকেল টিম দ্বারা আনুষ্ঠানিকভাবে ইমরানের চোখ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত।
জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সুপ্রিম দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীকে তার ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
পিটিআইয়ের আইনজীবী সালমান সফদার সুপ্রিম কোর্টে তার আদিয়ালা জেল পরিদর্শন এবং কারাবন্দি ইমরানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাত পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। এ ঘটনার এক দিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে আদালত সালমানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করে ১১ ফেব্রুয়ারি আদিয়ালা জেল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয় হয়।
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদি এবং বিচারপতি শহীদ বিলাল হাসানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ মামলার শুনানি করে।
শুনানির সময় প্রধান বিচারপতি স্বাস্থ্যের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাকে প্রয়োজনীয় বিচারিক হস্তক্ষেপ বলে আদালতের রায় জানান। তিনি আরও বলেন যে সুপ্রিম কোর্ট ইমরানের স্বাস্থ্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চায়।
মন্তব্য করুন








