পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রোববার ( ১৫ ফেব্রুয়ারি) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
আদিয়ালা কারাগারে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ইমরানের চোখের চিকিৎসা ও পরীক্ষা করেছে। প্রায় এক ঘণ্টা ধরে এ চিকিৎসাসেবা চলে। উপস্থিত চিকিৎসকদের মধ্যে ডা. সিকান্দার এবং ডা. আরিফও ছিলেন।
জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারে মেডিকেল টিমের সদস্যরা পিটিআই নেতাদের জন্য প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিল। কিন্তু, কেউ না আসার পর ইমরানের চোখের চিকিৎসা শুরু হয়।
আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, ডাক্তারদের দল বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ নিয়ে কারাগারে পৌঁছেছে। ইমরানের চোখের চিকিৎসার বিষয়ে শীঘ্রই রিপোর্ট তৈরি করা হবে।
এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। ইমরানের আইনজীবী সালমান সফদারের আদিয়ালা কারাগার পরিদর্শন সম্পর্কে জমা দেওয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আদালত সালমানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করে। তাকে কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করার এবং ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন বেঞ্চে একটি প্রতিবেদন জমা দেন সালমান। যেখানে ইমরানের স্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং তার চিকিৎসার অনুরোধ জানানো হয়।
মন্তব্য করুন








