বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমন্ত্রণ পেয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ সংবাদ প্রকাশ করেছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকারপ্রধানদের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বেশিরভাগ সদস্য রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।
তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতারা, বিশেষ করে এশিয়ার আঞ্চলিক শক্তিগুলো এবার ঢাকায় একত্রিত হচ্ছে। এ কারণে ১৭ ফেব্রুয়ারির অনুষ্ঠানটি এখন কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক অনুষ্ঠান নয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নতুন নেতৃত্ব কীভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করে তার একটি প্রাথমিক পরীক্ষা হয়ে যাবে।
এনডিটিভির সঙ্গে কথা বলার সময় বিএনপির একজন মুখপাত্র ১৭ ফেব্রুয়ারিকে `বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন' হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, নির্বাচনের পর নতুন সরকার গঠনের মাধ্যমে বিএনপি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে।
এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তারা কোনো একক দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি চালু করবে না।
মন্তব্য করুন








