যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কর্তৃক অপহরণের শিকার নিকোলাস মাদুরোকে ‘বৈধ নেতা’ বলে স্বীকার করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
ডেলসি রদ্রিগেজ বলেন, তিনি দেশ পরিচালনা করছেন, যদিও দাবি করা হচ্ছে যে কারাকাসের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে। তিনি এনবিসি নিউজকে জানান, আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্বে আছি, যেমনটা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে অনেক কাজ করতে হচ্ছে আমাকে। প্রতিদিন আমি ও আমার কর্মকর্তারা খুবই কঠোর পরিশ্রম করছি।
তিনি আরও বলেন, মাদুরো এখনো ভেনেজুয়েলার বৈধ নেতা। একজন আইনজীবী হিসেবে আমি আপনাদের বলবো তিনি এ দেশের প্রেসিডেন্ট। ডেলসির মতে, মাদুরো ও তার স্ত্রী নির্দোষ।
জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এরপর তাকে একটি ফেডারেল কারাগারে রাখে।
ওই সময় ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নেন।
এদিকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বুধবার কারাকাসে পৌঁছেছেন। তিনি দেশটির তেল শিল্পের মূল্যায়ন করতে এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করতে এ বৈদেশিক সফরে যান। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশটির অর্থনীতি পুনরুজ্জীবিত এবং বিশ্ব বাজারে তেলের মজুত পুনঃসংহত করতে চায়।
মন্তব্য করুন


