যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার দুটি পৃথক মহড়া চালিয়েছে। তাদের সেনা ও নৌবাহিনী ইলাতের আশপাশে লোহিত সাগর অঞ্চলে ও ভূমধ্যসাগরে এ মহড়া চালায়। এ ছাড়া এসব এলাকার ভূমিতেও সামরিক কার্যক্রম চালায় তারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে তেহরান জোর দিয়ে বলছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনসহ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
দক্ষিণ ইসরায়েলে জায়নবাদী সেনারা ইলাত এলাকা এবং আরাভা উপত্যকায় একটি মহড়া চালিয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা কীভাবে পরিস্থিতি মোকাবেলা করবে—সেসব বিষয়ে মহড়া চালানো হয়।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্র মারিভ তাদের খবরে জানিয়েছে, সেনাবাহিনী ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির’ জন্য প্রশিক্ষণ নিচ্ছে। বর্তমানে তারা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে। ইয়েমেন থেকে ইলাত উপসাগরের দিকে সামুদ্রিক আক্রমণ শুরু করার বা স্থলপথে আক্রমণ চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠীগুলো আসতে পারে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা আছে। এমন পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়েই এবারের সামরিক মহড়া।
মন্তব্য করুন








