ইসরায়েলি বাহিনী সিরিয়ার সাথে লেবাননের সীমান্তের কাছে একটি গাড়িতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে চারজনকে হত্যা করেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) ভোরে এ বোমা হামলা চালানো হয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম খালেদ মোহাম্মদ আল-আহমাদ। তিনি সিরিয়ান নাগরিক।
ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক্সের একটি পোস্টে তারা দাবি করেছে, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে এ বোমা হামলা করা হয়েছে। তবে তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, লেবাননের মাজদাল আনজার এলাকায় সামরিক অভিযান চালানো হয়েছে।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এ সশস্ত্র গোষ্ঠীটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হামাসের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। এ সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও মিত্র।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন








