সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনারা দুই সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে দেশটির উগ্রবাদী সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে। আলজাজিরা তাদের প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় ৩০টিরও বেশি আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট) লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তখন এ উগ্রবাদী সংগঠনের অবকাঠামো এবং অস্ত্র সংরক্ষণের স্থানগুলোতে হামলা করা হয়।
সেন্টকম জানিয়েছে, মার্কিন সেনারা এ সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের ওপর সামরিক চাপ বজায় রাখছে। এ কারণে সাম্প্রতিক আক্রমণগুলো করা হয়েছে।
এর আগে ডিসেম্বর মাসে ঐতিহাসিক শহর পালমিরার কাছে হামলা করে আইএসআইএস। এ আক্রমণে মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট এডগার ব্রায়ান টরেস-টোভার, সার্জেন্ট উইলিয়াম নাথানিয়েল হাওয়ার্ড এবং দোভাষী আয়াদ মনসুর সাকাত নিহত হন। এ হত্যাকাণ্ডের পর শুরু হওয়া মার্কিন অভিযানে দুই মাসে ৫০ জনেরও বেশি যোদ্ধা বন্দি অথবা নিহত হয়েছেন। এ ছাড়া উগ্রবাদী সংগঠনটির ১০০ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, শুক্রবার সিরিয়া থেকে হাজার হাজার আইএসআইএল বন্দিকে ইরাকে স্থানান্তর করা হয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
মন্তব্য করুন








