ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেন শক্তি প্রয়োগ করতে বাধ্য না হয়— এমনটাই তিনি আশা করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর ইরানি কর্তৃপক্ষ ৮০০ জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করেছে।
তিনি আরও জানান, ওয়াশিংটন পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। শাফাক নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালের ডিসেম্বরের শেষদিকে অর্থনৈতিক চাপের প্রতিবাদে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। সাম্প্রতিক দিনগুলোতে উত্তেজনা কিছুটা কমলেও, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি আগে প্রায় চার হাজার মৃত্যু এবং দশ হাজার গ্রেপ্তারের অনুমান দিয়েছিল। তবে দীর্ঘদিনের ইন্টারনেট বিঘ্নের কারণে এসব তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তেহরান এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।
মন্তব্য করুন








