ইরানে এবার আগের তুলনায় আরও ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে পেন্টাগন। এ ছাড়াও আরেকটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ কথা জানান ট্রাম্প।
পোস্টে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বলেন, ‘একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। দ্রুতগতি, বিপুল সামরিক শক্তি ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া এই বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। আকার ও সক্ষমতার দিক থেকে এটি ভেনেজুয়েলায় মোতায়েন করা বিমানবাহী জাহাজের চেয়েও বড়।’
তিনি বলেন, ‘ভেনেজুয়েলার ক্ষেত্রে যেমন দেখা গেছে, এই বহরও প্রয়োজনে দ্রুত ও শক্ত হাতে লক্ষ্য অর্জনে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র আশা করছে, ইরান সামরিক সংঘাতের পথ এড়িয়ে আলোচনায় বসবে এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছাবে, যার মূল শর্ত হবে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ। এ ধরনের চুক্তি সব পক্ষের জন্যই কল্যাণকর হবে।’
ট্রাম্প বলেন, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ!’ তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও ইরানকে চুক্তির আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তেহরান সেই পথে না যাওয়ায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালিত হয়, যার ফলে ইরান ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আবার সামরিক পদক্ষেপ নিতে হয়, ‘তার পরিণতি হবে আরও ভয়াবহ’। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি যেন আর কখনও না আসে সেজন্যই এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। সবশেষে তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বিষয়ে সবার মনোযোগ কাম্য, ধন্যবাদ’।
মন্তব্য করুন








