স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (SUB) উদ্যোগে ঢাকা বোর্ডে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত হলো ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’-এর প্রথম পর্ব। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শুধু ঢাকা বোর্ডের উত্তীর্ণ রেজিস্ট্রার্ড শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই পর্বে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি নতুন স্বপ্ন, সম্ভাবনা ও অনুপ্রেরণার এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ মোট ৬টি রুটে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ১০টি যানবাহনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল সনদপত্র প্রদান, আকর্ষণীয় উপহার, বিশেষ শিক্ষাবৃত্তি কুপন, ক্যাম্পাস ট্যুর, মধ্যাহ্নভোজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক ক্যারিয়ার গাইডেন্স সেশন।
অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন। তিনি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,
‘উচ্চশিক্ষায় সঠিক পরিবেশ ও দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ বদলে দিতে পারে।’
স্বাগত বক্তব্যে স্কুল অব হেলথ সায়েন্সের ডিন প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন বলেন, প্রতিটি শিক্ষার্থীই মেধাবী এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসাইন খান বলেন, “প্রতিটি শিক্ষার্থীই মেধাবী, আর সবার স্বপ্নেরই মূল্য আছে। আমরা শিক্ষার্থীদের কেবল জিপিএ দিয়ে নয়, বরং তাদের সম্ভাবনা ও মানসিক শক্তির ভিত্তিতে মূল্যায়ন করি।”
এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ডিপার্টমেন্ট কো-অর্ডিনেটরদের পরিচয় করিয়ে দেন, যা শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি আন্তরিক ও ঘনিষ্ঠ সংযোগ তৈরি করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এমন একটি ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। অনেক শিক্ষার্থী বলেন, প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে এসে তারা এত আন্তরিক পরিবেশ, সরাসরি শিক্ষক ও প্রশাসনের সঙ্গে পরিচয়ের সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পেয়েছেন।
ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরাও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা, ক্যাম্পাস ট্যুর এবং শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার গাইডেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ায় তারা সন্তুষ্ট। তাদের মতে, এমন উদ্যোগ উচ্চশিক্ষা বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।
দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় পর্বে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কালচারাল ক্লাবের পরিবেশনায় নৃত্য ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। একই সঙ্গে আসা শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে গান ও নৃত্যে অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে।
অনুষ্ঠানের শেষে ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হাসান কাউসার। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান, ডিন, কো-অর্ডিনেটরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’ শুধু একটি অনুষ্ঠান নয়, এ যেন এক হাজার নতুন মুখের স্বপ্নযাত্রার প্রথম মিলনমেলা, যেখানে উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা ছড়িয়ে দেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
মন্তব্য করুন








