ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপের (এসবিই) অধীন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব ‘আন্তর্জাতিক জীবনীগ্রন্থ ব্রিটিশপিডিয়া: সাক্সেসফুল পিপল ইন মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর’-এর সপ্তম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছেন। লন্ডনভিত্তিক ব্রিটিশ পাবলিশিং হাউস লিমিটেড থেকে প্রকাশিত এই গ্রন্থে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট পেশাজীবী ও শিক্ষাবিদদের জীবনী স্থান পায়।
গবেষণা, শিক্ষা এবং শিল্প খাতের পরামর্শক হিসেবে অধ্যাপক মামুন হাবিবের রয়েছে বিস্তৃত আন্তর্জাতিক অবদান, বিশেষত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্ষেত্রে। একাডেমিক উন্নয়ন ও শিল্পক্ষেত্রে গবেষণার বাস্তব প্রয়োগ - উভয় ক্ষেত্রেই তার কাজ আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত।
অধ্যাপক হাবিব তার একাডেমিক জীবনের একটি উল্লেখযোগ্য সময় মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাটিয়েছেন। এ সময় তিনি পাঠদান, পিএইচডি শিক্ষার্থীদের তত্ত্বাবধান, পিএইচডি এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন, গবেষণা পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার পেশাগত সম্পৃক্ততা দীর্ঘদিনের। ব্রিটিশপিডিয়ায় তার অন্তর্ভুক্তির অন্যতম কারণ ওই অঞ্চলের গবেষকদের সঙ্গে তার চলমান যৌথ গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনা।
দেশে ও দেশের বাইরে একাডেমিক কার্যক্রম ও গবেষণায় অধ্যাপক হাবিবের রয়েছে ২৩ বছরের বেশি অভিজ্ঞতা। তার প্রকাশনার সংখ্যা আড়াইশর বেশি, যার মধ্যে রয়েছে জার্নাল প্রবন্ধ, বইয়ের অধ্যায় এবং পূর্ণাঙ্গ বই। এসব প্রকাশনার মধ্যে ৮০টিরও বেশি স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে সূচিভুক্ত। তিনি শতাধিক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং বিশ্বব্যাপী আড়াইশরও বেশি ওয়েবিনার ও কর্মশালা পরিচালনা করেছেন।
অধ্যাপক হাবিব থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে গবেষণাসহ কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
আইইউবিতে যোগদানের পূর্বে তিনি ব্র্যাক বিজনেস স্কুল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষকতা করেছেন। পাশাপাশি মালয়েশিয়ার ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া এবং ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একাডেমিক দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটনে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে এবং মালয়েশিয়া, ফিলিপাইন, চীন ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাডেমিক অ্যাক্রেডিটেশন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত, বিশেষ করে এএসিএসবি (AACSB) ও এসিবিএসপি (ACBSP)-এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ভূমিকায়।
অধ্যাপক মামুন হাবিব বলেন, ‘এই অর্জন প্রমাণ করে যে বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষকদের কাজ আন্তর্জাতিক পরিসরে ক্রমেই আরও দৃশ্যমান হচ্ছে। এ স্বীকৃতি আমাকে শিক্ষা ও শিল্প খাতে জ্ঞান সৃষ্টির পাশাপাশি পেশাগত ক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে অনুপ্রাণিত করবে।’
প্রফেসর ড. মো. মামুন হাবিবের একটি ভিডিও বার্তা দেখা যাবে এই লিঙ্কে: https://youtu.be/M2Qe4MabCUc
মন্তব্য করুন








