বিগত ১৬ বছরে দেশে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়, তারা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণই তা প্রতিহত করবে।
বৃহস্পতিবার সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান। বিএনপির জনসভার জন্য নির্ধারিত নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলটির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নেমেছে। দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চে উঠেন তারেক রহমান।
ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে।
মন্তব্য করুন








