অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট দিতে অনেকেই ঢাকা ছেড়েছেন।
উৎসবমুখর পরিবেশ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। আগামী সরকারের কাছে নানা প্রত্যাশার কথা তুলে ধরছেন তারকারা।
ঢাকা-৮ আসনের ভোটার হয়ে রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে যান জনপ্রিয় খল ও কৌতুক অভিনেতা নজরুল ইসলাম শামীম ওরফে কাবিলা। সেখানে সংশ্লিষ্ট আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দেখা হয় তার, দুজনের মধ্যে কুশলাদি হয়।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি নিজেই এগিয়ে গিয়ে কাবিলার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। কাবিলাও বেশ হাসিমুখে তার আবেদনে সাড়া দেন।
দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। এ কারণে বর্তমানে নিচু স্বরে কথা বলতে হয় তাকে, যার ফলে রুপালি পর্দায় আগের মতো নিয়মিত দেখা যায় না তাকে। তবে ভোটের মাঠে তার সরব উপস্থিতি ভক্তদের মাঝে আনন্দ জুগিয়েছে। কুশল বিনিময় শেষে দুজনেই হাসিমুখে যে যার কাজে ফিরে যান।
এদিকে ভোট দিয়ে বের হয়ে সাধারণ ভোটাররা পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মন্তব্য করুন








