বলিউডে এখন প্রেম-ভালোবাসা, রোমান্সের পরিবর্তে জায়গা করে নিয়েছে অ্যাকশন, ভায়োলেন্স ও থ্রিলার। আর এসব সিনেমাই বক্স অফিসে সুপার হিট। এবারের ভালোবাসা দিবসে মুক্তি পেল শানায়া কাপুরের ‘তু ইয়া ম্যায়’। বলিউডে সাম্প্রতিক সময়ে রোমান্টিকতা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন পরিচালক বিজয় নাম্বিয়া। অনীল কাপুরের ভাতিজি শানায়া কাপুরের প্রথম সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন আদর্শ গৌরব।
ঝড় তোলার আভাস দিলেও বলিউডের অভিষেক সুখকর হলো না শানায়া কাপুরের। ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ধুঁকছে। মুক্তির প্রথম দিন থেকেই খুব একটা সুবিধা করতে পারছে না। চমৎকার অভিনয় করে ভবিষ্যতের তারকা হওয়ার আভাস দিলেও এই ন্যাপোকিড পারলেন না নিজের অভিষেক রাঙাতে। স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে বিজয় নাম্বিয়ার পরিচালিত ছবিটি আয় করেছে মাত্র ৬৫ লাখ রুপি।
দ্বিতীয় দিনে ভ্যালেন্টাইনস ডের সুবাদে আয় কিছুটা বেড়েছিল। তবে তৃতীয় দিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ থাকায় আবারও বড়সড় ধসের মুখে পড়েছে ছবিটি। তিন দিনে প্রেমের সুবাস ছড়ানো সিনেমাটি আয় করতে পেরেছে মাত্র ২ কোটি ৭০ লাখ রুপি। একই সময়ে শহীদ কাপুরের ‘ও রোমিও’ মুক্তি পায়। শহীদ কাপুরের সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে পিছিয়ে পড়েছে ‘তু ইয়া ম্যায়’।
দুজন কনটেন্ট ক্রিয়েটরের অদম্য ইচ্ছা হৈ-হুল্লোড় ও রোমাঞ্চে ভরা জীবন নিয়ে বেঁচে থাকা। তাদের সেই ইচ্ছা পরিণত হয় এক মারাত্মক খেলায়, যা তাদের মুখোমুখি করে এক কঠিন সময়ের। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামতে বাধ্য হয় তারা।
সারভাইভাল থ্রিলার ঘরানার এই সিনেমায় শানায়া-আদর্শ ছাড়াও অভিনয় করেছেন পারুল গুলাটি। এর বাজেট ছিল প্রায় ৩০ কোটি রুপি। প্রথম তিন দিনে বক্স অফিস থেকে বাজেটের খুবই সামান্যই ঘরে তুলতে পেরেছে। তরুণ দর্শকদের কিছুটা আগ্রহ বাড়লেও সেটা কতটুকু, আর এর লগ্নি কতটুকু ফেরত আনতে পারবে—এ নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা।
মন্তব্য করুন








