রবার্ট সেল্ডেন ডুভাল, যিনি রবার্ট ডুভাল নামেই বিশ্বব্যাপী পরিচিত। হলিউডের সর্বকালের জনপ্রিয় সিনেমা ‘গডফাদার’-এর এই কিংবদন্তি অভিনেতা মারা গেছেন। ৯৫ বছর বয়সি এই অভিনেতা ‘দ্য গডফাদার’ এবং ‘অ্যাপোক্যালিপস নাউ’-এর মতো সিনেমায় আইকনিক চরিত্রে অভিনয় করেছেন। হলিউডের কিংবদন্তি রবার্ট ডুভালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী লুসিয়ানা ডুভাল।
অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে কয়েক দশকের ক্যারিয়ারে রবার্ট ডুভাল সর্বকালের সেরা অভিনেতাদের একজন হয়ে ওঠেন। তার সাবলীল অভিনয় ও চরিত্রের মধ্যে নিবিড়ভাবে ঢুকে যাওয়ার একটি স্বতন্ত্র গুণ ছিল। তার অভিনয় দর্শকদের মধ্যেও মুগ্ধতা ছড়াত। এই অসাধারণ দক্ষতার জন্য একাডেমি পুরস্কারসহ বেশ কিছু স্বীকৃতি তার ক্যারিয়ারকে উজ্জ্বল করেছে।
রবার্ট ডুভালের সেরা চরিত্রের মধ্যে ‘দ্য গডফাদার’-এ মাফিয়াদের পরামর্শক এবং ‘অ্যাপোক্যালিপস নাউ’-এ অসাধারণ দৃঢ়তাসম্পন্ন সেনা কর্মকর্তার চরিত্রটি উল্লেখযোগ্য। তিনি তার অভিনয় জীবনে অস্কারের জন্য সাত বার মনোনীত হয়েছিলেন। ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ সিনেমায় একজন পড়তি ভাগ্যের কান্ট্রি সিঙ্গারের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
রবার্ট ডুভালের কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে লোনসাম ডাভ, দ্য গডফাদার পার্ট টু, দ্য অ্যাপোস্টল, দ্য গ্রেট স্যান্টিনি, দ্য জাজ, জেইন ম্যান্সফিল্ডস কারসহ আরও অনেক। সদ্য প্রয়াত এই অভিনতো ১৯৩১ সালের ৫ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে জন্মগ্রহণ করেন।
হার্পার লির বিখ্যাত উপন্যাস ‘টু কিল আ মকিংবার্ড’ অবলম্বনে নির্মিত সিনেমায় বু র্যাডলি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ডুভালের পদার্পণ। চরিত্রটি এখনো সিনেপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। এরপর একে একে পর্দায় তার নান্দনিক উপস্থিতি দেখা যায়। তবে ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ এবং পরে এর দ্বিতীয় অংশে মাফিয়াদের মাস্টারমাইন্ড হিসেবে অভিনয় করে আলোড়ন তোলেন।
একজন কিংবদন্তি এবং অবিশ্বাস্য ব্যক্তিত্ব রবার্ট ডুভালকে হারিয়ে বিনোদন ভুবনে নেমে এসেছে শোকের ছায়া।
বিশ্বব্যাপী সব শ্রেণির সিনেমা ভক্তদের কাছে তিনি ছিলেন একজন কিংবদন্তি। অভিনেতা, পরিচালক, গল্পকার—সবকিছুতেই ছিল তার অসাধারণ দক্ষতা। শিল্পের প্রতি তার আবেগের সঙ্গে চরিত্রগুলোর প্রতি তার গভীর ভালোবাসার মিশেল তাকে করেছে অনন্য। শান্ত, নির্ভুল এবং গভীরভাবে সত্যবাদী এই কিংবদন্তির প্রতি গভীর শ্রদ্ধা।
মন্তব্য করুন








