বলিউড অভিনেত্রী তাপসী পান্নু বড় পর্দায় ফিরছেন ‘অস্যি’ দিয়ে। ২০ ফেব্রুয়ারি বড় পর্দায় আসতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই ড্রামা থ্রিলার। এরই মধ্যে প্রকাশিত মোশন পোস্টার দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। অপ্রচলিত গল্পে নির্মিত এ সিনেমাটি নিজের অন্যতম সেরা বলে জানিয়েছেন তাপসী পান্নু।
কোর্টরুম ভিত্তিক সিনেমা ‘অস্যি’-তে তাপসী পান্নু প্রধান চরিত্রে অভিনয় করবেন। প্রকাশিত পোস্টারে তাপসীকে দেখা গেছে রহস্যময় লুকে। এর টোন ও ভিজ্যুয়ালই সিনেমায় উত্তেজনা, থ্রিলার এবং অ্যাকশনের ইঙ্গিত দেয়। দর্শকদের জন্য সিনেমাটি নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে। পোস্টারটি শুধু গল্পের সূচনা মাত্র। পুরো কাহিনিতে আরও গভীরতা ও অ্যাকশন থাকবে। সূত্র: বলিউড হাঙ্গামা
আদালতের অভ্যন্তরে অব্যক্ত যৌন নির্যাতনের এক ভয়াবহ ঘটনা উঠে আসে। তদন্ত কর্মকর্তারা ঘটনা বিশ্লেষণে গিয়ে উন্মোচন করেন আড়ালে থাকা চমকপ্রদ কিছু সত্য। হন্যে হয়ে রহস্য উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মুখোমুখি হতে হয় আরও জটিল পরিস্থিতির। এরকমই এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে অনুভব সিনহার পরিচালনায় নির্মিত হয় ‘অস্যি’। এতে আরও আছেন মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, মোহাম্মদ জিশান আইয়ুব, সুপ্রিয়া পাঠক, রেবতী, কানি কুসরুতি ও নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতারা।
ভারতে ‘অস্যি’র মতো অপ্রচলিত ধারার সিনেমাগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে সংশয় প্রকাশ করেন নায়িকা নিজেই, ‘অস্যির মতো অপ্রচলিত সিনেমা বিলুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হচ্ছে। কারণ থিয়েটার বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এসব সিনেমাকে সমর্থন করে না।’
তাপসীর মতে, এখনকার সিনেমা বাজারে ক্রিটিক্যাল সিনেমার চাহিদা কমছে। তাপসী দর্শকদের ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসার অপেক্ষা না করে প্রেক্ষাগৃহে এ ধরনের সিনেমা দেখার আহ্বান জানান। বরাবরই ব্যতিক্রমী ও সাবলীল অভিনয়ের মাধ্যমে তাপসী ভক্তকুলে নিজের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়িয়ে চলছেন। ‘অস্যি’-তে তাপসীর পারফরম্যান্স কেমন হবে—সে মূল্যায়ন করা যাবে সিনেমাটি মুক্তির পরই।
মন্তব্য করুন








