বলিউডের উদীয়মান অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে টি-সিরিজের যেন একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এরই মধ্যে কার্তিকের চারটি সিনেমায় ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল টি-সিরিজের নাম। এবার ‘ভুল ভুলাইয়া’ তারকার নতুন প্রজেক্ট ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’য়ও একসঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। হিন্দি অ্যাকশন-থ্রিলার যুদ্ধভিত্তিক এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে।
বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, ‘ক্যাপ্টেন ইন্ডিয়ায় প্রযোজনা পাশাপাশি গল্প লিখেছেন হারমান বাওয়েজা। টি-সিরিজও নতুনভাবে প্রযোজক হিসেবে এই প্রজেক্টে যোগ দিয়েছে। দুর্দান্ত গল্প, কার্তিকের কাস্টিং এবং পরিচালক হিসেবে শিমিত আমিন থাকায় টি-সিরিজ চুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।’
বলিউডের সাড়া জাগানো শাহরুখ খান অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’র পরিচালক শিমিত আমিনের এই সিনেমা ভারত ও মরক্কোর বিভিন্ন নয়নাভিরাম স্পটে শুটিং হবে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই অ্যাকশন ড্রামা সিনেমার শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
২০২১ সালে যখন ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র বিষয়টি চূড়ান্ত হয়, তখন পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হন হনসাল মেহতা। পরে নানা ঘটনা পরম্পরায় পরিচালক পরিবর্তন হয়। সিনেমায় কার্তিক আরিয়ানকে একজন পাইলটের ভূমিকায় দেখা যাবে, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করেন।
এদিকে, কার্তিক আরিয়ানের সঙ্গে টি-সিরিজের জোটবদ্ধ আরও একটি সিনেমা রয়েছে। অনুরাগ বসু পরিচালিত সংগীত কাহিনিনির্ভর সিনেমাটির নাম এখনো নির্ধারণ করা হয়নি।
মন্তব্য করুন








