অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। আগামী সরকারের কাছে নানা প্রত্যাশার কথা তুলে ধরছেন তারকারা। সেই কাতারে আছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা ওমর সানীও।
বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ওমর সানী।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তারেক রহমানকেই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
ওমর সানী বলেন, আমার জন্মের পর থেকেই নেতা হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে দেখেছি। এরপর সবার নেত্রী বেগম খালেদা জিয়া এলেন। তার নেতৃত্ব দেখলাম। এখন উনাদের পুত্র তারেক রহমান সাহেব আসছেন। তিনি আমাদের সমসাময়িক নেতা। বয়সে কিছুটা সিনিয়র আমাদের। কিন্তু তিনি আমাদের সোনালি প্রজন্মের মানুষ। আমি উনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
তারেক রহমানের প্রশংসা করে তিনি আরও বলেন, তিনি আগে কী বলেছেন, করেছেন জানি না। কিন্তু এবার যখন এলেন আমি অনেক চেষ্টা করছিলাম উনার ভুল ধরতে। পারিনি। তিনি সামান্য একটা বিড়াল থেকে শুরু করে মানুষ ও দেশ নিয়ে যে জ্ঞান প্রকাশ করেছেন আমি মুগ্ধ। আর উনার মেয়ে জাইমাকে তো মনে হয় আমারই মেয়ে।
এসময় তিনি শান্তি, সমৃদ্ধির একটি বাংলাদেশ প্রত্যাশা করেন।
ওমর সানীর স্ত্রী নায়িকা মৌসুমী নৌকার প্রার্থী হয়েছিলেন। সে প্রসঙ্গ জানতে চাইলে অভিনেতা বলেন, এটা নিয়ে আমি দ্রুতই একটি ব্যাখ্যা দেবো। আজ কোনো কথা আমি বলতে চাই না।
মন্তব্য করুন








