ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

রাজনীতিবিদ নয়, সাংবাদিক হতে চান অনন্ত জলিল 

এশিয়া পোস্ট বিনোদন

  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২২
অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোটগ্রহণ চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নায়ক অনন্ত জলিল। তিনি রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী বর্ষাও।

ভোট দেওয়ার পর অনন্ত জলিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‌আমি চাই দেশের সকল মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি নাগরিক যেন স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

রাজনীতিবিদ নয়, সাংবাদিক হতে চান উল্লেখ করে তিনি বলেন, দেশের ভালো-খারাপ তুলে ধরার একমাত্র মাধ্যম সাংবাদিক। আমাকে যদি কখনও কোনো রাজনৈতিক চরিত্র করতে বলা হয়, আমি সেটা করব না। আমি সাংবাদিক চরিত্র করব।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার ২৫ হাজার ৮৪ জন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

কার্তিকের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র সঙ্গে টি-সিরিজের চুক্তি
বলিউডের উদীয়মান অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে টি-সিরিজের যেন একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এরই মধ্যে কার্তিকের চারটি সিনেমায় ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল টি-সিরিজের নাম। এবার ‘ভুল ভুলাইয়া’ তারকার নতুন প্রজেক্ট ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’য়ও একসঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। হিন্দি অ্যাকশন-থ্রিলার যুদ্ধভিত্তিক এই সিনেমাটি  সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে। বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, ‘ক্যাপ্টেন ইন্ডিয়ায় প্রযোজনা পাশাপাশি গল্প লিখেছেন হারমান বাওয়েজা। টি-সিরিজও নতুনভাবে প্রযোজক হিসেবে এই প্রজেক্টে যোগ দিয়েছে। দুর্দান্ত গল্প, কার্তিকের কাস্টিং এবং পরিচালক হিসেবে শিমিত আমিন থাকায় টি-সিরিজ চুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।’ বলিউডের সাড়া জাগানো শাহরুখ খান অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’র পরিচালক শিমিত আমিনের এই সিনেমা ভারত ও মরক্কোর বিভিন্ন নয়নাভিরাম স্পটে শুটিং হবে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই অ্যাকশন ড্রামা সিনেমার শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে। ২০২১ সালে যখন ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র বিষয়টি চূড়ান্ত হয়, তখন পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হন হনসাল মেহতা। পরে নানা ঘটনা পরম্পরায় পরিচালক পরিবর্তন হয়। সিনেমায় কার্তিক আরিয়ানকে একজন পাইলটের ভূমিকায় দেখা যাবে, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করেন।  এদিকে, কার্তিক আরিয়ানের সঙ্গে টি-সিরিজের জোটবদ্ধ আরও একটি সিনেমা রয়েছে। অনুরাগ বসু পরিচালিত সংগীত কাহিনিনির্ভর সিনেমাটির নাম এখনো নির্ধারণ করা হয়নি।  
কার্তিকের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র সঙ্গে টি-সিরিজের চুক্তি
বউয়ের কথায় বিনিয়োগ করেন অভিষেক
স্ত্রীর পরামর্শে বিনিয়োগ করা কেবল ভালোবাসার নিদর্শনই নয়; বরং এটি একটি সুদূরপ্রসারী আর্থিক পরিকল্পনা। আর এই পরিকল্পনার সফল বাস্তবায়ন করেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের পরামর্শেই তিনি বিনিয়োগ করে থাকেন বলে প্রকাশ্যেই জানান অভিষেক। সম্প্রতি গ্লোবাল বিজনেস সামিটে ‘বিনিয়োগ কীভাবে করেন, কোথায় করেন’—প্রশ্নের জবাবে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে পরামর্শ করেই তিনি অর্থ লগ্নি করেন বলে জানান। কিছুটা কৌতুক করেই তিনি বলেন, ‘আমার স্ত্রীর কথায়…।’ গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্যের এক পর্যায়ে অভিষেক বলেন, ‘আমার বাবা অমিতাভ বচ্চন রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তার ধারণা হলো, জমি থাকলে সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু আমি আগে স্বর্ণে বিনিয়োগ করতাম, এখন আমার স্ত্রীর কথায় রুপায়ও বিনিয়োগ করি।’ এ সময় অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের আগে তিনি স্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানান। সূত্র: হিন্দুস্তান টাইমস ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন। এর পরের পথ খুব একটা মসৃণ ছিল না। বেশ কিছু সিনেমা হিট হলেও ফ্লপ সিনেমার সংখ্যাও কম নয়। প্রথম থেকেই নেপোটিজমের লেভেল লেগে ছিল তার গায়ে। সাফল্য আর ব্যর্থতার মিশেলেই এগিয়েছে তার ক্যারিয়ার। ২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চন। এরপর বেশ কয়েকবার তাদের মধ্যে বনিবনা না হওয়ার কথা যোগাযোগমাধ্যমে চাউর হয়। এমনকি বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। তবে বিচ্ছেদ বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের নেতিবাচক খবর প্রকাশিত হলেও ঐশ্বরিয়া বা অভিষেক এ বিষয় মুখ খোলেননি।  
বউয়ের কথায় বিনিয়োগ করেন অভিষেক
মেয়ের প্রযোজনায় রজনীকান্তের শেষ সিনেমা
'থালাইভা'—ভারতীয় সিনেমার এক প্রাণপুরুষ। সুপারস্টার। চিরযুবা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের গণ্ডি ছাড়িয়ে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, তিনি 'দ্য গ্রেট রজনীকান্ত'। দক্ষিণী সুপারস্টার হলেও গোটা উপমহাদেশেই 'থালাইভা' বা নেতা, সেনাপতি হিসেবেই দেখা হয় রজনীকান্তকে। ২০২৩-এ 'জেলার' দিয়ে ৭৪ বছর বয়সেও বক্স অফিস তোলপাড় করছেন। রজনীকান্ত বর্তমানে বক্স অফিস তোলপাড় করা ‘জেলারে’র সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়ে ব্যস্ত। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ এ বছরই পর্দায় আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে খবর চাউর হয়েছে, কিংবদন্তি এ অভিনেতা তার বিদায়ী সিনেমার পরিকল্পনা করছেন। যে সিনেমায় প্রযোজনা করতে যাচ্ছেন তার মেয়ে সৌন্দর্য রজনীকান্ত। পিঙ্কভিলা সূত্রে জানা যায়, রজনীকান্ত তার মেয়ে সৌন্দর্যের সঙ্গে বিদায়ী সিনেমায় কাজ করার পরিকল্পনা করছেন। অবশ্য এখনো এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপারস্টার এখনো মনস্থির করতে পারেননি যে, কোন প্রকল্প দিয়ে তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবেন। রজনীকান্ত পরবর্তী সিনেমা  ‘জেলার ২’-তে মোহনলাল, শিব রাজকুমারকে আগের মতোই দেখা যাবে। এবার শোনা যাচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানও যুক্ত হতে যাচ্ছেন এ প্রজেক্টে। এ ছাড়াও বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এ বছরের মাঝামাঝি মুক্তি পেতে পারে দর্শকের চাহিদার তুঙ্গে থাকা সিনেমাটি। ১৯৭৫ সালে তামিল সিনেমা 'অপূর্ব রাগাঙ্গাল' দিয়ে তার অভিনয়জীবন শুরু। টি রামা রাওয়ের 'আন্ধা কানুন' দিয়ে পদার্পণ ঘটে বলিউডে। অভিনয়ে আসার আগে তিনি বাস কন্ডাক্টর, কাঠমিস্ত্রি, এমনকি কুলির কাজও করেন। সম্প্রতি ‘কুলি’ সিনেমার জন্য রজনীকান্ত পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৮০ কোটি রুপি, যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত করে। এর আগে তিনি ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা। অর্ধশত বছরের উজ্জ্বল কর্মজীবনে রজনীকান্ত ১৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। ৭৪ বছরের এই মহাতারকার ইচ্ছা, মেয়ের প্রযোজনায় নির্মিত সিনেমা দিয়ে তিনি ক্যারিয়ারের ইতি টানবেন।
মেয়ের প্রযোজনায় রজনীকান্তের শেষ সিনেমা
‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভালকে শ্রদ্ধা
রবার্ট সেল্ডেন ডুভাল, যিনি রবার্ট ডুভাল নামেই বিশ্বব্যাপী পরিচিত। হলিউডের সর্বকালের জনপ্রিয় সিনেমা ‘গডফাদার’-এর এই কিংবদন্তি অভিনেতা মারা গেছেন। ৯৫ বছর বয়সি এই অভিনেতা ‘দ্য গডফাদার’ এবং ‘অ্যাপোক্যালিপস নাউ’-এর মতো সিনেমায় আইকনিক চরিত্রে অভিনয় করেছেন। হলিউডের কিংবদন্তি রবার্ট ডুভালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী লুসিয়ানা ডুভাল। অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে কয়েক দশকের ক্যারিয়ারে রবার্ট ডুভাল সর্বকালের সেরা অভিনেতাদের একজন হয়ে ওঠেন। তার সাবলীল অভিনয় ও চরিত্রের মধ্যে নিবিড়ভাবে ঢুকে যাওয়ার একটি স্বতন্ত্র গুণ ছিল। তার অভিনয় দর্শকদের মধ্যেও মুগ্ধতা ছড়াত। এই অসাধারণ দক্ষতার জন্য একাডেমি পুরস্কারসহ বেশ কিছু স্বীকৃতি তার ক্যারিয়ারকে উজ্জ্বল করেছে। রবার্ট ডুভালের সেরা চরিত্রের মধ্যে ‘দ্য গডফাদার’-এ মাফিয়াদের পরামর্শক এবং ‘অ্যাপোক্যালিপস নাউ’-এ অসাধারণ দৃঢ়তাসম্পন্ন সেনা কর্মকর্তার চরিত্রটি উল্লেখযোগ্য। তিনি তার অভিনয় জীবনে অস্কারের জন্য সাত বার মনোনীত হয়েছিলেন। ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ সিনেমায় একজন পড়তি ভাগ্যের কান্ট্রি সিঙ্গারের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন। রবার্ট ডুভালের কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে লোনসাম ডাভ, দ্য গডফাদার পার্ট টু, দ্য অ্যাপোস্টল, দ্য গ্রেট স্যান্টিনি, দ্য জাজ, জেইন ম্যান্সফিল্ডস কারসহ আরও অনেক। সদ্য প্রয়াত এই অভিনতো ১৯৩১ সালের ৫ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে জন্মগ্রহণ করেন। হার্পার লির বিখ্যাত উপন্যাস ‘টু কিল আ মকিংবার্ড’ অবলম্বনে নির্মিত সিনেমায় বু র‍্যাডলি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ডুভালের পদার্পণ। চরিত্রটি এখনো সিনেপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। এরপর একে একে পর্দায় তার নান্দনিক উপস্থিতি দেখা যায়। তবে ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ এবং পরে এর দ্বিতীয় অংশে মাফিয়াদের মাস্টারমাইন্ড হিসেবে অভিনয় করে আলোড়ন তোলেন।  একজন কিংবদন্তি এবং অবিশ্বাস্য ব্যক্তিত্ব রবার্ট ডুভালকে হারিয়ে বিনোদন ভুবনে নেমে এসেছে শোকের ছায়া।  বিশ্বব্যাপী সব শ্রেণির সিনেমা ভক্তদের কাছে তিনি ছিলেন একজন কিংবদন্তি। অভিনেতা, পরিচালক, গল্পকার—সবকিছুতেই ছিল তার অসাধারণ দক্ষতা। শিল্পের প্রতি তার আবেগের সঙ্গে চরিত্রগুলোর প্রতি তার গভীর ভালোবাসার মিশেল তাকে করেছে অনন্য। শান্ত, নির্ভুল এবং গভীরভাবে সত্যবাদী এই কিংবদন্তির প্রতি গভীর শ্রদ্ধা।
‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভালকে শ্রদ্ধা
‘বিষয়টি বেশ পুরোনো এবং অনেক আগেই নিষ্পত্তি হয়েছে’ 
বলিউডে আর্থিক সংক্রান্ত মামলায় নতুন করে আলোচনায় এলেন আমিশা প্যাটেল। চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় হাজিরা না দেওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের এক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি। এদিকে, এ ঘটনায় নিজের বক্তব্য তুলে ধরেছেন আমিশা। তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বিতর্কের জবাবে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেছেন। এতে দাবি করেছেন―বিষয়টি বেশ পুরোনো এবং অনেক বছর আগেই তা নিষ্পত্তি হয়েছে। আমিশা বিবৃতিতে স্পষ্ট করেছেন, ইভেন্ট আয়োজক পবন ভার্মা একটি নিষ্পত্তি দলিলে স্বাক্ষর করেছেন এবং ১৪ লাখ ৫০ হাজার টাকা বুঝে পেয়েছেন তিনি। বিষয়টি নিষ্পত্তির পরও নতুন করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। বলিউড তারকা জানিয়েছেন, তার আইনজীবীরা অভিযোগকারীর বিরুদ্ধে প্রতারণার জন্য উপযুক্ত ফৌজদারি মামলার কাজ শুরু করেছে। যাতে মিথ্যা প্রতিরোধ করা যায়। আরও জানিয়েছেন, তিনি পেশাদার প্রতিশ্রুতিতে মনোনিবেশ করতে পছন্দ করেন। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। অনুষ্ঠানের আয়োজক ছিলেন পবন ভার্মা। তার অভিযোগ ছিল, আমিশা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে চুক্তি করেছিলেন। এ জন্য তাকে ১৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত দিন অভিনেত্রী অনুষ্ঠানে আসতে পারেননি। আয়োজক আরও জানান, এ ঘটনায় তাকে ১০ লাখ টাকা নগদ ফেরত দেওয়া হয়েছিল। তবে বাকি সাড়ে ৪ লাখ টাকার জন্য প্রদান করা একটি চেক বাউন্স হয়। এ ব্যাপারে অভিযোগের পর আমিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। কিন্তু অভিনেত্রী কয়েকবার আদালতে হাজির হতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়।  
‘বিষয়টি বেশ পুরোনো এবং অনেক আগেই নিষ্পত্তি হয়েছে’ 
একঘেয়েমির জন্য প্লে-ব্যাক ছাড়েন অরিজিৎ, দাবি অনুরাগের
বলিউড সিনেমায় দিনের পর দিন একই ধাঁচের গান গেয়েছেন অরিজিৎ। মন না চাইলেও তাকে দিয়ে গাওয়ানো হতো মন ভাঙার গান। সব গানই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়। কিন্তু তিনি সেসব উপভোগ করতে পারতেন না। এই একঘেয়েমিতে ক্লান্ত হয়েই প্লে-ব্যাক কিং অবসর নিয়েছেন। এমনটাই দাবি করলেন, নির্মাতা, পরিচালক, অভিনেতা অনুরাগ কাশ্যপ। ক্যারিয়ারের সোনালি সময়ে থাকার পরও প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দেন ‘আগার তোম সাথ হো’ গায়ক। এ নিয়ে যখন ইন্ডাস্ট্রি তোলপাড় এবং ভক্তরা বিষণ্ণ, ঠিক তখন আসল কারণ জানালেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি জানান, সৃজনশীলতার অভাব এবং বলিউডের গানে ‘একঘেয়েমি’ অরিজিৎকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।  অরিজিতের সঙ্গে বেশ কয়েকটি কাজ করার অভিজ্ঞতা রয়েছে অনুরাগের। খুব কাছ থেকেই অরিজিৎকে দেখেছেন তিনি। অনুরাগ বলেন, অরিজিৎ সবসময় নতুন কিছু তৈরি করতে চান। কিন্তু সিনেমার প্লেব্যাকের ক্ষেত্রে পরিচালকদের চাহিদা এবং বাণিজ্যিক মিউজিকের চাপে শিল্পীর নিজস্ব সত্তা হারিয়ে যায়। এতে খুবই হতাশ ছিলেন অরিজিৎ। অনুরাগীদের চমকে দিয়ে সম্প্রতি হঠাৎ প্লে-ব্যাক থেকে অবসর নেন অরিজিৎ। জিয়াগঞ্জের খুবই সাধারণ জীবনযাপন করা বলিউডের সেরা প্লে-ব্যাক গায়কের আচমকা সিদ্ধান্তে শোরগোল পড়ে যায় বিনোদন ভুবনে। সবার মনেই কৌতূহল জন্মায়—কেন এমনটা সিদ্ধান্ত তার! সূত্র: হিন্দুস্তান টাইমস পরিচালক অনুরাগ বলেন, অরিজিৎ একজন দক্ষ সংগীতশিল্পী, কিন্তু ওকে দিয়ে বারবার একই স্টাইলের গান গাওয়ানো হয়েছে। একজন শিল্পীর কাছে এর চেয়ে যন্ত্রণার আর কিছু নেই। সে মূলত একঘেয়েমি থেকে মুক্তি চেয়েছিল।' প্লে-ব্যাক থেকে আপাতত নিজেকে গুটিয়ে রাখবেন অরিজিৎ। এখন নিজের মতো করে গান তৈরি করবেন, যেখানে থাকবে না কোনো বিধিনিষেধ। সংগীত ভুবনকে হৃদয় থেকেই উপভোগ করতে চান—এমনটাই ধারণা অনুরাগ কাশ্যপের।  
একঘেয়েমির জন্য প্লে-ব্যাক ছাড়েন অরিজিৎ, দাবি অনুরাগের
অপ্রচলিত ধারার ‘অস্যি’ নিয়ে চ্যালেঞ্জ তাপসী পান্নুর
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু বড় পর্দায় ফিরছেন ‘অস্যি’ দিয়ে। ২০ ফেব্রুয়ারি বড় পর্দায় আসতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই ড্রামা থ্রিলার। এরই মধ্যে প্রকাশিত মোশন পোস্টার দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। অপ্রচলিত গল্পে নির্মিত এ সিনেমাটি নিজের অন্যতম সেরা বলে জানিয়েছেন তাপসী পান্নু। কোর্টরুম ভিত্তিক সিনেমা ‘অস্যি’-তে তাপসী পান্নু প্রধান চরিত্রে অভিনয় করবেন। প্রকাশিত পোস্টারে তাপসীকে দেখা গেছে রহস্যময় লুকে। এর টোন ও ভিজ্যুয়ালই সিনেমায় উত্তেজনা, থ্রিলার এবং অ্যাকশনের ইঙ্গিত দেয়। দর্শকদের জন্য সিনেমাটি নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে। পোস্টারটি শুধু গল্পের সূচনা মাত্র। পুরো কাহিনিতে আরও গভীরতা ও অ্যাকশন থাকবে। সূত্র: বলিউড হাঙ্গামা আদালতের অভ্যন্তরে অব্যক্ত যৌন নির্যাতনের এক ভয়াবহ ঘটনা উঠে আসে। তদন্ত কর্মকর্তারা ঘটনা বিশ্লেষণে গিয়ে উন্মোচন করেন আড়ালে থাকা চমকপ্রদ কিছু সত্য। হন্যে হয়ে রহস্য উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মুখোমুখি হতে হয় আরও জটিল পরিস্থিতির। এরকমই এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে অনুভব সিনহার পরিচালনায় নির্মিত হয় ‘অস্যি’। এতে আরও আছেন মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, মোহাম্মদ জিশান আইয়ুব, সুপ্রিয়া পাঠক, রেবতী, কানি কুসরুতি ও নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতারা। ভারতে ‘অস্যি’র মতো অপ্রচলিত ধারার সিনেমাগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে সংশয় প্রকাশ করেন নায়িকা নিজেই, ‘অস্যির মতো অপ্রচলিত সিনেমা বিলুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হচ্ছে। কারণ থিয়েটার বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এসব সিনেমাকে সমর্থন করে না।’ তাপসীর মতে, এখনকার সিনেমা বাজারে ক্রিটিক্যাল সিনেমার চাহিদা কমছে। তাপসী দর্শকদের ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসার অপেক্ষা না করে প্রেক্ষাগৃহে এ ধরনের সিনেমা দেখার আহ্বান জানান। বরাবরই ব্যতিক্রমী ও সাবলীল অভিনয়ের মাধ্যমে তাপসী ভক্তকুলে নিজের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়িয়ে চলছেন। ‘অস্যি’-তে তাপসীর পারফরম্যান্স কেমন হবে—সে মূল্যায়ন করা যাবে সিনেমাটি মুক্তির পরই।
অপ্রচলিত ধারার ‘অস্যি’ নিয়ে চ্যালেঞ্জ তাপসী পান্নুর
শানায়া কাপুর পারলেন না অভিষেক রাঙাতে
বলিউডে এখন প্রেম-ভালোবাসা, রোমান্সের পরিবর্তে জায়গা করে নিয়েছে অ্যাকশন, ভায়োলেন্স ও থ্রিলার। আর এসব সিনেমাই বক্স অফিসে সুপার হিট। এবারের ভালোবাসা দিবসে মুক্তি পেল শানায়া কাপুরের ‘তু ইয়া ম্যায়’। বলিউডে সাম্প্রতিক সময়ে রোমান্টিকতা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন পরিচালক বিজয় নাম্বিয়া। অনীল কাপুরের ভাতিজি শানায়া কাপুরের প্রথম সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন আদর্শ গৌরব। ঝড় তোলার আভাস দিলেও বলিউডের অভিষেক সুখকর হলো না শানায়া কাপুরের। ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ধুঁকছে। মুক্তির প্রথম দিন থেকেই খুব একটা সুবিধা করতে পারছে না। চমৎকার অভিনয় করে ভবিষ্যতের তারকা হওয়ার আভাস দিলেও এই ন্যাপোকিড পারলেন না নিজের অভিষেক রাঙাতে। স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে বিজয় নাম্বিয়ার পরিচালিত ছবিটি আয় করেছে মাত্র ৬৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে ভ্যালেন্টাইনস ডের সুবাদে আয় কিছুটা বেড়েছিল। তবে তৃতীয় দিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ থাকায় আবারও বড়সড় ধসের মুখে পড়েছে ছবিটি। তিন দিনে প্রেমের সুবাস ছড়ানো সিনেমাটি আয় করতে পেরেছে মাত্র ২ কোটি ৭০ লাখ রুপি। একই সময়ে শহীদ কাপুরের ‘ও রোমিও’ মুক্তি পায়। শহীদ কাপুরের সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে পিছিয়ে পড়েছে ‘তু ইয়া ম্যায়’। দুজন কনটেন্ট ক্রিয়েটরের অদম্য ইচ্ছা হৈ-হুল্লোড় ও রোমাঞ্চে ভরা জীবন নিয়ে বেঁচে থাকা। তাদের সেই ইচ্ছা পরিণত হয় এক মারাত্মক খেলায়, যা তাদের মুখোমুখি করে এক কঠিন সময়ের। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামতে বাধ্য হয় তারা। সারভাইভাল থ্রিলার ঘরানার এই সিনেমায় শানায়া-আদর্শ ছাড়াও অভিনয় করেছেন পারুল গুলাটি। এর বাজেট ছিল প্রায় ৩০ কোটি রুপি। প্রথম তিন দিনে বক্স অফিস থেকে বাজেটের খুবই সামান্যই ঘরে তুলতে পেরেছে। তরুণ দর্শকদের কিছুটা আগ্রহ বাড়লেও সেটা কতটুকু, আর এর লগ্নি কতটুকু ফেরত আনতে পারবে—এ নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা।  
শানায়া কাপুর পারলেন না অভিষেক রাঙাতে
টিউমারে আক্রান্ত নায়িকা শাহনূর
ছোট পর্দায় প্রায় সব ধরনের চরিত্রে নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকহৃদয় জয় করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হঠাৎ করে তার ব্রেন টিউমারে আক্রান্তের খবরে শঙ্কার ছায়া নেমে আসে বিনোদন ভুবনে। এই দুঃসংবাদের রেশ কাটতে না এবার সামনে আসলও আরও এক খারাপ সংবাদ। চলচ্চিত্র অভিনেত্রী শাহনূরের প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে।  কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন শাহনূর। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।  শাহনূর জানিয়েছেন, নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে তার চিকিৎসা হবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মিললেই দু-এক দিনের মধ্যে অপারেশন করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা। এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী। এদিকে অসুস্থতার খবর জানিয়ে নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্টও দেন শাহনূর। সেখানে তিনি লেখেন, জীবনে যদি কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন। কারও প্রতি বিদ্বেষ বা হিংসা নয়, বরং সবসময় ইতিবাচক চিন্তা ও কাজ করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। নিজের জন্য বিলাসবহুল জীবন গড়ার চেয়ে মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে লেখেন তিনি। তার বিশ্বাস, মানুষের দোয়া-ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। ২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাহনূরের। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
টিউমারে আক্রান্ত নায়িকা শাহনূর