অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।
ঢাকা ১৭ আসনের ভোটার নায়িকা মিষ্টি জান্নাত। সকালে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান।
ভোট প্রদানের পর সংবাদমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে ভালো লাগছে।
মিষ্টি জান্নাত আরও বলেন, ভোট দেওয়ার পরিবেশ ভালো। আগেরবারও পরিবেশ ভালো পেয়েছি। পরিবর্তনের সরকার চাই। যিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে চলে যায় উন্নয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। একটা সরকারও বলল না যে ফিল্মের উন্নয়ন করবে, এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়ন করুক।
এরপরই অভিনেত্রী বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সবসময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল। এবারও জিতবে আশা করি।
এদিকে ভোট দিয়ে বের হয়ে সাধারণ ভোটাররা পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মন্তব্য করুন








