বলিউড দাপিয়ে বেড়ানো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে বেশ কিছু দিন চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুর। তবে তাদের সেই সম্পর্ক খুব বেশি এগোয়নি। পরে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। মনের গহিনে যা-ই থাকুক না কেন প্রফেশনালিজমে প্রাক্তন প্রেমিক ও বর্তমান স্বামীর মধ্যে যে বন্ধুত্ব অটুট—তা প্রমাণ করলেন রণবীর কাপুর।
সম্প্রতি বক্স অফিস কাঁপানো রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ কাপুর পরিবারের এই তারকা। বিশেষ করে রণবীর সিংয়ের অভিনয়ে মুগ্ধ বলে জানান রণবীর কাপুর। গত ৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘ধুরন্ধর’। অভিনেতা রণবীর কাপুর নিজেও ইন্ডাস্ট্রিতে মহাতারকা। তার ‘অ্যানিমেল’ বলিউড ইন্ডাস্ট্রি তো বটেই, বিশ্বব্যাপী আলোড়ন তোলে। একটি লাইভ সেশনে এসে রণবীর কাপুর ধুরন্ধর সম্পর্কে কথা বলেছেন। তিনি যে ‘ধুরন্ধর’-এর ভক্ত হয়ে উঠেছেন, সে কথাও অকপটে স্বীকার করলেন।
রণবীর কাপুর তার নিজস্ব জুতার ব্র্যান্ডের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন। এ লাইভেই অভিনেতা জানান, সাম্প্রতিক সময়ের তার দেখা প্রিয় সিনেমা ধুরন্ধর। লাইভে কোনো ভণিতা না করেই সিনেমাটি দেখে তার ভালো লাগার কথা জানান। সিনেমাটির সব কলাকুশলীর দুর্দান্ত কাজে মুগ্ধ রণবীর কাপুর। বিশেষ করে ভারতীয় গোয়েন্দারূপী ‘হামজা’ চরিত্রে থাকা রণবীর সিংয়ের অনবদ্য অভিনয়ের জন্য আলাদাভাবে প্রশংসায় ভাসালেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।
লাইভ চলাকালে এক ভক্তের ‘এ মুহূর্তে প্রিয় ছবি কোনটি’ প্রশ্নের জবাবে আলিয়া ভাটের স্বামী বলেন, ‘এখন অবশ্যই ধুরন্ধর। এর কলাকুশীরা যাকে বলে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে। সিনেমাটি দেখে খুব ভালো সময় কাটিয়েছি।’ লাইভ ভিডিওটি দিয়ে রণবীর নিজেও নেটপাড়ায় সবার মন জিতে নিয়েছেন।
রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি। তাদের প্রেম-বিচ্ছেদ দুটিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সময়ের সাথে সাথে রণবীর আর দীপিকা—দুজনই খুঁজে নেন নিজেদের জীবনসঙ্গী। এখন তারা দুজনই সুখী সংসার জীবন উপভোগ করছেন। ইদানীং শোনা যাচ্ছে, রণবীর কাপুর ও দীপিকা খুব শিগগির আবার জুটি হয়ে আসছেন সিনেমার বড় পর্দায়।
মন্তব্য করুন








