নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘দ্য কিসিং বুথ’-এ নোয়া ফ্লিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান জ্যাকব এলোর্ডি। এরপর এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’-তে দুর্দান্ত অভিনয় তার তারকাখ্যাতিকে আরও পাকাপোক্ত করে। অস্ট্রেলিয়ান এই অভিনেতা ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হলিউডের অন্যতম আলোচিত মুখ হিসেবে।
সম্প্রতি অস্কার-মনোনীত এই অভিনেতা সিডনিতে তার নতুন সিনেমা ‘ওয়াদারিং হাইটস’-এর প্রিমিয়ারে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন। আগে থেকেই তার লম্বা গড়ন নিয়ে আলোচনায় থাকতেন, তবে এবার সেই লম্বা গড়ন বা ব্যক্তিত্ব নয়, একটি ঝলমলে সোনার দাঁত উপস্থিত সবার নজর কাড়ে। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
‘দ্য কিসিং বুথ’ ও ‘ইউফোরিয়া’র পর এলোর্ডিকে দেখা গেছে প্রিসিলা (২০২৩), সল্টবার্ন (২০২৩) ও ‘ফ্রাঙ্কেনস্টাইন (২০২৫)-এর মতো ভিন্নধর্মী ছবিতে। প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে ছাপিয়ে গেছেন এবং অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন।
সুদর্শন চেহারা আর উচ্চতাই নয়, এলোর্ডির অভিনয়ের মধ্যে রয়েছে এক ধরনের অনিবার্য আভা। সেই আভায় নতুন করে যোগ হয়েছে সোনালি গ্ল্যামার। এমারেল্ড ফেনেল পরিচালিত ‘ওয়াদারিং হাইটস’-এ হিথক্লিফ চরিত্রে স্বর্ণের দাঁত নিয়ে হাজির হয়ে আক্ষরিক অর্থে ‘সোনালি’ হয়ে উঠেছেন এই অভিনেতা।
প্রিমিয়ারে এলোর্ডি যে স্বর্ণের দাঁত পরে হাজির হন সেটি বিশেষভাবে তৈরি। তার ওই দাঁতে কাস্টম টুথ ক্যাপে খোদাই করা রয়েছে সি এবং এইচ অক্ষর। ভক্তদের ধারণা, আসন্ন সিনেমার দুই প্রধান চরিত্র ক্যাথরিন আর্নশ ও হিথক্লিফের প্রতি শ্রদ্ধাস্বরূপ তিনি এ কাজটি করেছেন।
স্বর্ণে বাঁধানো এই দাঁত এলোর্ডির নতুন সিনেমার হিথক্লিফের চরিত্রগত রূপান্তরকেও তুলে ধরে—একজন অবহেলিত বহিষ্কৃত মানুষ থেকে অভিজ্ঞ, কঠোর ও আবেগপ্রবণ ব্যক্তিত্বে পরিণত হওয়ার গল্প। স্পষ্টতই, এলোর্ডি শুধু চরিত্রে অভিনয় করছেন না, বরং হিথক্লিফের যন্ত্রণা, আবেগ ও উন্মত্ত ভালোবাসাকে নিজের মধ্যে ধারণ করছেন।
এই সোনালি দাঁত জ্যাকব এলোর্ডির সাহসী ও রহস্যময় চরিত্রকেই ফুটিয়ে তোলে—যা দর্শকের কাছে উপেক্ষা করা সত্যিই কঠিন হবে।
মন্তব্য করুন








