ভালোবাসার দিবসের ঠিক আগের দিন বড় পর্দায় মুক্তি পায় শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ও রোমিও’। প্রত্যাশা থাকলেও মুক্তির প্রথম দিন আশানুরূপ সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। তবে দর্শকের আগ্রহ বাড়ায় দ্বিতীয় দিন থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বিশাল ভরদ্বাজ পরিচালিত 'ও রোমিও' বক্স অফিসে ২১ কোটির মতো ব্যবসা করেছে। শাহিদ কাপুরের এই অ্যাকশন-রোমান্স সিনেমাটি প্রথম দিনে ৮.৫ কোটি টাকা আয় করে। সিনেমাটি উইকেন্ডে বক্স অফিস মাতাবে—বিশ্লেষকদের এই ধারণা ভ্রান্ত প্রমাণ করে। দ্বিতীয় দিন ‘ও রোমিও’ ১০.২ কোটি রুপি ঘরে তুলে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে। সূত্র: বলিউড লাইফ
শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি ছাড়াও 'ও রোমিও'-তে আরও অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানি। সিনেমায় চমক ছিল নানা পাটেকরের দুর্দান্ত অভিনয়। একটি আবেগঘন ও অস্থির প্রেমের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘ও রোমিও’। প্রেম, বেদনা ও প্রত্যাখ্যাত প্রেমের এক চক্রাকার ব্যুহ উঠে এসেছে পরতে পরতে। সিনেমাটি বিখ্যাত লেখক হুসেন জাইদির ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই' থেকে অনুপ্রাণিত। এতে গ্যাংস্টার হুসেন উস্তারার উত্থান, হিংস্রতা ও প্রেমের গল্প উঠে এসেছে, যেখানে বাজিমাত করেছেন শাহিদ কাপুর।
শাহিদ কাপুরের আগের সুপারহিট ছবিগুলোর তুলনায় ‘ও রোমিও’র আয় তুলনামূলকভাবে কম। ২০১৯ সালে সন্দীপ রেড্ডি বঙ্গ পরিচালিত ‘কবির সিং’ সিনোমটি আলোড়ন তুলে প্রথম দুই দিনে ২২.৭১ কোটি রুপি আয় করেছিল। সে তুলনায় 'ও রোমিও'-এর আয় একটু ধীর।
ভালোবাসার দিবসে গ্যাংস্টার ও অ্যাকশন ঘরানার ছবি হওয়ায় শক্ত গাঁথুনিতে নির্মিত হওয়ার পরও সিনেমাটি হয়তো কিছুটা ধীর ব্যবসা করে। তবে দ্বিতীয় দিন শেষে দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। দর্শক সাড়া ভালো থাকায় আগামী দিনে ‘ও রোমিও’ বক্স অফিসে আরও ভালো করবে বলে আশাবাদী পরিচালক বিশাল ভরদ্বাজ।
মন্তব্য করুন








