প্রযোজক, পরিচালক আদিত্য চোপড়া ও তার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস চূড়ান্তভাবে স্থগিত করেছে হিন্দি সিনেমার বহুলকাঙ্ক্ষিত অ্যাকশন সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’। শাহরুখ-সালমানের মতো দুই সুপারস্টারের ভক্তরা বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। প্রযোজনা ব্যয়, বিশাল অ্যাকশন সিকোয়েন্স ও সামগ্রিক বাজেট ঘাটতির কারণে আদিত্য চোপড়া আপাতত সিনেমাটিতে হাত দেবেন না। এর আগেও গত বছর সিনেমাটি শুরু করতে দেরি হবে বলে জানিয়েছিলেন আদিত্য।
সংবাদমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্ট সূত্রে জানা যায়, স্পাই ইউনিভার্সে আদিত্য চোপড়ার সবচেয়ে বড় প্রকল্পের একটি ছিল ‘টাইগার ভার্সেস পাঠান’। শাহরুখ-সালমানের বিশাল ভক্তের কথা চিন্তা করে তিনি পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন। তবে বাজেট সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। সামগ্রিক নির্মাণব্যয় ছাড়াও সিনেমাটির প্রধান চ্যালেঞ্জ ছিল সুপারস্টারদের পারিশ্রমিক। সালমান ও শাহরুখের পারিশ্রমিক ১০০ কোটির ওপরে। দুই তারকার বিশাল পারিশ্রমিক ছাড়াও রয়েছে নির্মাণব্যয়। যশ রাজ ফিল্মসের একটি সূত্র জানায়, ‘যদি তারকারা ছাড় দিতে রাজি হতেন, তাহলে যশ রাজ ফিল্মস হয়তো সিনেমাটিতে কাজ শুরু করত।’ এর আগে স্পাই ইউনিভার্সের আরেক সিনেমা হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ব্যর্থ হয়।
বৈশ্বিক অস্থিতিশীলতায় যখন ধুঁকছিল সিনেপাড়া, বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রি। একের পর এক সিনেমা পর্দায় মুখ থুবড়ে পড়ে। সাউথ ইন্ডাস্ট্রি তরতর করে এগোতে থাকলেও পিছিয়ে পড়ছিল বলিউড। সেই দুঃসময়ে ২০২৩ সালে বলিপাড়ার লক্ষ্মী হিসেবে আবির্ভূত হয় শাহরুখ খানের ‘পাঠান’। নিজেও দীর্ঘ বিরতির পর পর্দায় আসেন। চারদিক শোরগোল ফেলে বাজিমাত করে বক্স অফিস।
আদিত্য চোপড়া ও যশরাজ ফিল্মস জুটি ভারতীয় অ্যাকশন সিনেমায় স্পাই ইউনিভার্সের ঘরানায় এক নতুনত্ব নিয়ে আসে। শাহরুখের সেই সিনেমায় ক্যামিও হিসেবে পর্দা কাঁপান টাইগার-খ্যাত সালমান খান। আবার পরে সালমান খানের ‘টাইগার ৩’-এ দেখা যায় পাঠানরূপী শাহরুখ খানকে। এই দুই চরিত্রের পাশাপাশি কবির খান চরিত্র নিয়ে স্পাই ইউনিভার্সে হাজির হন হৃতিক রোশন।
হলিউডের বিভিন্ন ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির মতো আদিত্য চোপড়াও চেয়েছিলেন ভারতীয় সিনেমায় স্পাই ইউনিভার্স শক্তভাবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু তার সেই প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
সালমান খানের পরবর্তী সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ এপ্রিলে মুক্তি পাবে। অন্যদিকে, বছরের শেষ ভাগে বলিউড বাদশা শাহরুখ খান এ বছরই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা দিয়ে পর্দা মাতাতে আসছেন।
মন্তব্য করুন








