নাটকের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এবার ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটকের পাশাপাশি প্রকাশ পাচ্ছে তার নতুন একটি গান। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের, যেখানে হিমিসহ গানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গানটির শিরোনাম ‘দুজন দুজনার’। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবেও দেখা যাবে হিমিকে। তার বিপরীতে মডেল হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সংবাদ সম্মেলনে গান প্রসঙ্গে হিমি বলেন, ‘সংগীতের প্রতি আমার ভালো লাগা ছোটবেলা থেকেই। সে কারণেই প্রাথমিকভাবে গান শিখেছিলাম। তবে গানে থিতু হওয়া হয়নি, অভিনয়েই নিয়মিত হয়ে যাই। তার পরও যখনই গানে কণ্ঠ দেওয়ার সুযোগ আসে, আমি না করি না।’ এর আগে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
নতুন এই গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। নির্মাণ করেছেন সৈকত রেজা। সাউন্ডটেকের ব্যানারে গানটি আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে। অনুষ্ঠানে হিমির কাছে রাজনীতি ও ভোট প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘রাজনীতির বিষয়টি গোপন রাখতে পছন্দ করি। এ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এর আগে রাজনৈতিক বিষয়ে কখনো কথা বলি না। আমি ঢাকার ভোটার। প্রতিটি নাগরিকেরই ভোট দেওয়া দায়িত্ব, আমিও সেই দায়িত্ব পালন করব।’
নাটক নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন হিমি। উৎসবকেন্দ্রিক সময়ে সেই ব্যস্ততা আরও বেড়ে যায়। ভালোবাসা দিবসে তার একাধিক নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। সামনে ঈদ ঘিরেও কাজের চাপ বাড়বে বলে জানান এই অভিনেত্রী।
মন্তব্য করুন








