পাকিস্তানি নাটকের চিত্রনাট্যের ‘পরীক্ষামূলক’ বছর যদি ২০২৫ হয়ে থাকে, তাহলে ২০২৬ হতে যাচ্ছে নাট্যভুবনের বেসিক স্টার পাওয়ারের। গত এক দশকে ভক্তরা পাকিস্তানি নাটকের যে রকম শক্ত চিত্রনাট্য ও অভিনয় দেখেছেন, এবার দেখতে পারবেন তার চেয়েও বেশি শক্তিশালী চিত্রনাট্য ও হৃদয়কাড়া অভিনয়। ওয়াহাজ ও মাহিরার স্বপ্নিল জুটি, উমেরা আহমেদের ফিরে আসা—এ সবই ঘটতে যাচ্ছে শিগগির। কয়েকটি নাটকের টিজার প্রকাশের পর তো রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। আসন্ন পাকিস্তানি নাটকগুলো দর্শকের হৃদয়কে আন্দোলিত করবে নিশ্চিত। তেমনি কয়েকটি সিরিজ-নাটক নিয়েই এবারের আলোচনা।
১. মিট্টি দে বাওয়ে
২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত পাকিস্তানি নাটকগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করছে ‘মিট্টি দে বাওয়ে’। এই পিরিয়ড ড্রামাটিতে অভিনয় করবেন পাকিস্তানি টেলিভিশনের রাজা ওয়াহাজ আলী ও সিনেমার রানি মাহিরা খান। এতে আরও থাকবেন অমর খান, লিখেছেন ফয়জা ইফতিখার এবং পরিচালনা করেছেন সৈয়দ ওয়াজাহাত হুসেন। ওয়াহাজ আলীর লুক প্রকাশ পেলেও, মাহিরা খানের চরিত্রটি রহস্যময় রয়ে গেছে। নাটকটি গ্রিন এন্টারটেইনমেন্টে প্রচারিত হবে। মাটির নান্দনিকতা, ভারী সংলাপ এবং ওয়াহাজ-মাহিরার রসায়ন ইন্টারনেটে তোলপাড় ফেলে দেবে বলেই বিশ্বাস ভক্তদের।
২. জাঞ্জিরে
হৃদয়গ্রাহী প্রেমের সঙ্গে অর্থপূর্ণ সামাজিক ভাষ্যের এক দুর্দান্ত মিশেলের গল্প ‘জাঞ্জিরে’। বিখ্যাত পাকিস্তানি সিরিজ ‘হামসাফার’-এর লেখক ফারহাত ইশতিয়াকের লেখা গল্পে নাটকটিতে উঠে আসবে সামাজিক চাপ এবং ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্বের এক সামাজিক প্রেক্ষাপট। যেখানে একজন ব্যক্তির মানসিক সংগ্রামের দৃঢ়তার অন্বেষণ করা যায়। সজল আলি, আহসান খান, সাহার হাশমি, দানিয়েল জাফর, আমির গিলানির মতো হাই-প্রোফাইল তারকারা আসছেন প্রেম ও হৃদয়বিদারক একটি জটিল জাল ছিন্ন করতে। নাটকটি ৩০ মার্চ থেকে উপভোগ করা যাবে হাম টিভিতে।
৩. হামরাহি
বিশ্বাস, সাহচর্য ও ত্যাগের মহিমার অন্বেষণ ‘হামরাহি’র গল্প দুটি বিপরীত আত্মার চারপাশের পরিবেশ নিয়ে আবর্তিত। যে আত্মার পথ মিশে যায় অপ্রত্যাশিতভাবে। দানিশ তাইমুর ও হিবা বুখারির চরিত্রগুলো এমনভাবে চিত্রিত হয়েছে, যারা প্রেম, ভাগ্য ও পারিবারিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের বন্ধন ক্রমাগত পরীক্ষিত হয়, যা দর্শকদের আকৃষ্ট করে রাখে। এরই মধ্যে ‘হামরাহি’ নিয়ে ক্রেজ সৃষ্টি হয়েছে। এর নাট্যকার জাঞ্জাবিল আসিম শাহ বরাবরই পারিবারিক বন্ধন-দ্বন্দ্বের এক সুনিপুণ চিত্রকর হিসেবে পরিচিত। পাকিস্তানের কিছু প্রতিভাবান অভিনেতার সমন্বয়ে নির্মিত নাটকটি হাম টিভিতে দেখা যাবে।
৪. লোড ওয়েডিং
এবারের রমজানের স্পেশাল হতে যাচ্ছে কমেডির রানি সায়মা আকরাম চৌধুরীর রচনায় ‘লোড ওয়েডিং’। ২০১৮ সালে মুক্তি পওয়া একই নামের সিনেমার ওপর ভিত্তি করেই এই রমজান মাতাতে আসছে নাটকটি। ইয়ুমনা জায়েদি ও হামজা সোহেলের নতুন জুটি দর্শকপ্রিয়তা পাবে বলেই ধারণা অনেকের। প্রতিদিন ইফতারের আগে রোজাদারদের একঘেয়েমি দূর করতে ‘লোড ওয়েডিং’ ভূমিকা রাখবে। কমেডির পাশাপাশি এটি বাস্তব জীবনের চ্যালেঞ্জকে প্রতিফলিত করে এবং একটি মনোমুগ্ধকর পারিবারিক বন্ধনকে উপস্থাপন করবে। হাম টিভিতে রমজান স্পেশাল হিসেবে দেখা যাবে সিরিজটি।
৫. দার-ই-নিজাত
এই বছর ‘দার-ই-নিজাত’ হতে যাচ্ছে একটি পাকিস্তানি মাস্টারপিস নাটক। এআরওয়াই ডিজিটাল মিডিয়ায় আগামী মে থেকে এটি শুরু হবে। পরিচালক সাকিব খানের সঙ্গে নাট্যকার উমেরা আহমেদ এবং অভিনেত্রী দূরেফিশান সালিমের ত্রিফলা জুটি এ বছরের সেরা আর্কষণ হতে যাচ্ছে। নাটকটিতে দূরেফিশানের সঙ্গে জুটি বাঁধবেন শেহেরইয়ার মানোয়ার। উমেরা আহমেদের লেখা নাটক বরাবরই গভীরতা ও অর্থপূর্ণ গল্প বলার প্রতিশ্রুতি দেয়। ভক্তরা এর আবেগঘন এবং শক্তিশালী আখ্যানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রেম, সাসপেন্স ও মানসিক উত্তেজনার এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে সামাজিক বিষয়গুলো এই নাটকে প্রতিফলিত হবে। এতে দর্শকদের মধ্যে তীব্র প্রতিফলন সৃষ্টি হবে বলে ধারণা করা যায়।