মসজিদ আল্লাহর ঘর। মসজিদ শুধু ইবাদতের জন্য নয়, এটি মুসলিম জাতি গড়ার সূতিকাগার। পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গাও। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে মন্দ জায়গা বাজার এবং সবচেয়ে উত্তম জায়গা মসজিদ।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ৭৪১)
কোরআনে আছে, ‘সেসব ঘরে (মসজিদে) যাকে সমুন্নত রাখতে আর তাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওগুলোতে তার মাহাত্ম্য ঘোষণা করা হয় সকাল ও সন্ধ্যায় (বারবার)। এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও কেনাবেচা আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সে দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।’ (সুরা নুর, আয়াত : ৩৬-৩৭)। এখানে ঘর দিয়ে মসজিদ বোঝানো হয়েছে।
মসজিদে নামাজ পড়ার পাশাপাশি ধর্মীয় অনেক কাজ করা যায়। মদিনার মসজিদে নববি ছিল মুসলিম জাতির পরিচয় গড়ার সূতিকাগার এবং জনসচেতনতা নির্মাণের প্রাণকেন্দ্র। নবীজির সময়ে মসজিদে নববি ছিল জ্ঞানচর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র, সামাজিক নিরাপত্তা এবং সেবা কেন্দ্র।
মসজিদে জানাজার নামাজ পড়ার বিধান
মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ছাড়াও জানাজার নামাজ পড়া যায়। জানাজা নামাজ ফরজে কেফায়া। কয়েকজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।
জানাজার নামাজ মসজিদের বাইরে জানাজা নামাজ আদায়ের নির্ধারিত স্থানে বা যেকোনো মাঠে-ময়দানে পড়াই উত্তম। এটিই ইসলাম সমর্থিত পদ্ধতি। রাসুলুল্লাহ (সা.)-এর সময়েও জানাজার নামাজ মসজিদের বাইরে পড়া হতো। মসজিদে নববির পাশে একটি খালি জায়গা ছিল, রাসুলুল্লাহ (সা.) সেখানে জানাজার নামাজ পড়তেন। (মুয়াত্তা মুহাম্মাদ, পৃষ্ঠা : ২৪৮)
মসজিদের বাইরে জানাজার নামাজ পড়ার সুযোগ থাকলে মসজিদে জানাজার নামাজ পড়া মাকরুহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মসজিদের ভেতর জানাজার নামাজ আদায় করবে, সে জানাজার সওয়াব পাবে না।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩১৮৪)। তবে রাসুলুল্লাহ (সা.) বিশেষ পরিস্থিতিতে মসজিদেও দুজন সাহাবির জানাজার নামাজ পড়েছেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ৯৭৩)
ইসলামি আইনবিশারদরা বলেছেন, স্বাভাবিক অবস্থায় জানাজার নামাজ মসজিদের বাইরে পড়তে হবে। তবে প্রয়োজনে মসজিদের ভেতরে পড়তে পারবে। বর্তমানে শহরের প্রায় মসজিদেই বাইরে জায়গা নেই, সেসব মসজিদে জানাজার নামাজ ভেতরে পড়তে অসুবিধে নেই। (ফাতহুল কাদির : ২/৯০; রদ্দুল মুহতার : ২/২২৪)
মন্তব্য করুন








