বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে দলটি। প্রচারের দিন তথা আগামীকাল বৃহস্পতিবার একদিনে সাত জেলায় সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। তার আগের দিন বুধবার (২১ জানুয়ারি) বিএনপির এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারম্যানের প্রচার সূচি জানানো হয়।
সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচি সম্পর্কে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, ঘোষিত তফসিল মোতাবেক বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানে করে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান।
এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।
দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন সমাবেশে অংশ নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন।
সাতটি জেলায় নির্বাচনি প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপির চেয়ারম্যান ঢাকায় ফিরবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হবে। সিলেট সফরে তার সঙ্গে থাকছেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।
নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপি তাদের নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করতে যাচ্ছে। মাহদী আমিন জানান, আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ।
মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা প্রদর্শন করবে এবং আচরণবিধি মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হবে।
মন্তব্য করুন








