ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নির্বাচনি (বরিশাল-৫) আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি জানান, নির্বাচনি রাজনীতিতে পারস্পরিক সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত এবং ইসলামী আন্দোলনের ঐক্য গঠনে ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. তাহের জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলনের জোট গঠনে অবদান ও পারস্পরিক সৌহার্দ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই আসনে জোটের প্রার্থী প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, আমরা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সফলতা কামনা করি। রাজনৈতিক ঐক্য শুধু আসন বণ্টনের বিষয় নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্কও।
জোটের সঙ্গে আরও ১৫টি রাজনৈতিক দল যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তাহের বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় কারিগরি কারণে তাদের কোনো আসন দেওয়া সম্ভব হয়নি। তবে আসন না পেলেও অনেক দল এই রাজনৈতিক ঐক্যের সঙ্গে থাকতে আগ্রহী।
নিরাপত্তা প্রসঙ্গে দলটির নায়েবে আমির বলেন, জামায়াত বা জোটের পক্ষ থেকে প্রশাসনের কাছে কোনো অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়নি। আমরা আল্লাহর ওপর ভরসা করি। নির্বাচনি পরিবেশ এবং জনমনে তৈরি হওয়া ধারণার কারণে নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ, সমান নিরাপত্তা এবং প্রশাসনের সমান আচরণ নিশ্চিত করব।
মন্তব্য করুন








