ভারতের বিশাল ক্রিকেট বাজারকে লক্ষ্য করে আগামী মৌসুমে বিগ ব্যাশ লিগের (বিবিএল) একটি ম্যাচ দেশটিতে আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেনের প্রতিবেদনে জানা গেছে, সম্ভাব্য এই উদ্যোগটি বিবিএলের বাণিজ্যিক পরিসর বাড়ানো এবং ভবিষ্যৎ ফ্র্যাঞ্চাইজি কাঠামোকে শক্তিশালী করার বৃহত্তর কৌশলের অংশ।
প্রতিবেদন অনুযায়ী, বিবিএলের আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত দুটি আংশিক বিক্রির প্রস্তুতির আগে ভারতীয় বাজারের সঙ্গে লিগকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে চায় সিএ। এ লক্ষ্যে সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তা—ব্যবসা পরিচালনা বিভাগের প্রধান ফিল রিগবি এবং প্রতিযোগিতা উন্নয়ন ও কৌশল বিভাগের প্রধান মারগট হার্লি—সম্প্রতি ভারতে সফর করেছেন। তারা সম্ভাব্য ভেন্যু, লজিস্টিকস ও অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন বলে জানা যায়।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ইতোমধ্যে একটি প্রস্তাব পেয়েছে, যেখানে চেন্নাইয়ে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ক্রিকেটপ্রেমী দর্শকসমৃদ্ধ এই শহরকে সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে রাখা হচ্ছে।
দল নির্বাচনের ক্ষেত্রে পার্থ স্কর্চার্সকে সম্ভাব্য অংশগ্রহণকারী হিসেবে দেখা হচ্ছে। সময় অঞ্চলের সামঞ্জস্য এবং ওয়াকা কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাব—দুই দিক থেকেই দলটি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল পার্থ স্কর্চার্স, যারা এখন পর্যন্ত ছয়বার শিরোপা জিতেছে।
তবে পুরো পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ম্যাচ আয়োজনের আগে ব্রডকাস্টার, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অনুমোদন প্রয়োজন হবে। সব পক্ষের সম্মতি ছাড়া এই উচ্চাভিলাষী উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : সেন.এউ
মন্তব্য করুন








