আমিনুল হকের কাঁধে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব; খবরটা সামনে আসতেই ক্রিকেটপাড়ায় ছড়িয়ে পড়ে গুঞ্জন, ভেঙে যাবে ক্রিকেট বোর্ড। কিন্তু ব্যাপারটা যে খুব একটা সহজও নয়। আমিনুল হকও জানেন সে কথা। তাই তো ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসে প্রথম প্রেস কনফারেন্সে বিসিবি ইস্যুতে দিয়েছেন শান্তির বার্তা।
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই তিনি বলেন, ‘বিসিবির বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত। আইনের ভেতরে থেকে, নিয়মের ভেতরে থেকে; এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে, সেটি আমি বসে আলোচনার মাধ্যমে… পরে এটি নিয়ে মন্তব্য করব।’
ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে যে টোনে কথা বলার দরকার, আমিনুল প্রথম দিনে বলেছেন তেমনই কথা। কোনো হিংসা-বিদ্বেষ কিংবা পূর্বের ক্ষোভ নয়, সবকিছুতেই আমিনুল হক হাঁটবেন সমাধানের পথে। ওই একই ধারায় ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া শীতল সম্পর্কের অবসান কীভাবে করা যায় সে দিকেও নজর আছে আমিনুলের। এরই মধ্যে কথা বলেছেন ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে।
সে বিষয়ে বলেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সংসদ ভবনেই ইন্ডিয়ার ডেপুটি হাইকমিশানেরর সঙ্গে আমার দেখা হয়েছিল। এই বিষয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। সে খুবই আন্তরিক। আমি তাকে বলেছি, আমরা খুব দ্রুতই এ সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই। কারণ আমরা আমাদের পার্শ্ববর্তী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, সেটা ক্রীড়া থেকে সব সেক্টরে।’
দেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমিনুল হকের রয়েছে বিশাল পরিকল্পনা। সে কারণেই তিনি বাংলাদেশে তৈরি করতে চান একটি পূর্ণাঙ্গ স্পোর্টস হাব। যেখান থেকে খেলার বিভিন্ন সরঞ্জাম বিদেশে রপ্তানি করতে চান আমিুনল হক। কিন্তু ক্রীড়াঙ্গনকে নিয়ে করা তার এসব পরিকল্পনা যে গণমাধ্যমগুলো তুলে ধরে দেশের মানুষের সঙ্গে তাদেরই দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বিসিবি দিয়ে রেখেছে নানা নিষেধাজ্ঞা। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আমিনুল হক এ ইস্যুতে দিয়েছেন কড়া বার্তা।
তিনি এ বিষয়ে সরাসরি বলেন, ‘আজকের পর থেকে (সাংবাদিকদের সঙ্গে) কোনো কঠোরতা থাকবে না। কারণ সাংবাদিকরা আপনারা যেভাবে ক্রীড়াঙ্গনের জন্য লেখনির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চান, আমি মনে করি, আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামীর ক্রীড়াঙ্গনকে গড়ে তুলতে চাই। সেখানে কোনো বাধা-নিষেধ আজকের পর থেকে ইনশাআল্লাহ থাকবে না।’
শুধু ক্রিকেট কিংবা ফুটবল নয়, দেশের প্রত্যেকটি ফেডারেশন নিয়ে আমিনুল হকের আছে পরিকল্পনা। সবার সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চান বিএনপির পরীক্ষিত এই ক্রীড়া সংগঠক।
মন্তব্য করুন








