পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতেই বড় লক্ষ্য তাড়া করে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ১ রান করে আউট হন কুশল পেরেরা। তবে এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে আউট হলেও নিসাঙ্কা থামেননি। আগ্রাসী ব্যাটিংয়ে তিনি ৫২ বলে অপরাজিত ১০০ রান করেন, যেখানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। শেষদিকে পাভান রত্নায়েকে ১৫ বলে ২৮ রানের কার্যকর ইনিংস খেললে ১৮তম ওভারেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র সফল বোলার ছিলেন মার্কাস স্টয়নিস, তিনি ২ উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে অলআউট হয় ১৮১ রানে। উদ্বোধনী জুটিতেই ৯ ওভারে ১০৪ রান তুলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। হেড ২৯ বলে ৫৬ ও মার্শ ২৭ বলে ৫৪ রান করেন। তবে মিডল অর্ডার সেই গতি ধরে রাখতে না পারায় দুইশ পার করা হয়নি তাদের। জশ ইংলিস ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান যোগ করেন।
বল হাতে শ্রীলঙ্কার হয়ে দুশান হেমান্থা ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন। এছাড়া দুশমন্ত চামিরা নেন ২টি উইকেট, আর মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে ও কামিন্দু মেন্ডিস প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
টানা তৃতীয় জয়ে গ্রুপ পর্ব শেষ করেই সুপার এইটে জায়গা নিশ্চিত করল শ্রীলঙ্কা।
মন্তব্য করুন








