যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের সামগ্রিক ক্রীড়া পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আমিনুল হক। সন্ধ্যায় মিরপুরে নিজ বাসভবনে আয়োজিত অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিষয়টিও।
সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিব এবং আড়ালে থাকা মাশরাফিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা চলমান থাকলেও ক্রীড়া প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে বিবেচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হতে পারে।
আমিনুল বলেন, দেশের ক্রিকেটের স্বার্থে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরাটা গুরুত্বপূর্ণ। তবে তাদের বিরুদ্ধে থাকা আইনি জটিলতা নিষ্পত্তির বিষয়টি সরকারিভাবেই দেখা হবে। তিনি জানান, বিষয়টিতে সরকার সহনশীল ও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি রাখতে চায়, যাতে দ্রুত সমাধানের পথ বের করা সম্ভব হয়।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক কার্যক্রম ও নির্বাচন নিয়েও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেও এখন দায়িত্বশীল অবস্থানে থেকে আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়ার পক্ষে মত দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিধিবিধান মেনে বোর্ডের সঙ্গে সমন্বয় করেই অগ্রসর হওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন আমিনুল।
নতুন দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া প্রশাসনে স্থিতিশীলতা আনা এবং বিভিন্ন ইস্যুতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বার্তাই তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে।
মন্তব্য করুন








