স্পেনের ফুটবল অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। কাতালান ক্লাব বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জল্পনা তুঙ্গে থাকলেও আর্জেন্টাইন মহাতারকা আপাতত কোনো পক্ষেই নাম লেখাচ্ছেন না। বরং ভবিষ্যতে ক্লাবে ফেরার ইচ্ছা স্পষ্ট করলেও বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষ থাকার সিদ্ধান্তই নিয়েছেন তিনি—এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা পুনর্নির্বাচনে দাঁড়াতে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ভিক্টর ফন্ট, জাভি ভিলাজোয়ানা ও মার্ক সিরিয়া প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই নির্বাচনে মেসির অবস্থান কী হবে—তা নিয়েই ফুটবল দুনিয়ায় কৌতূহল তৈরি হয়েছিল।
সম্প্রতি হঠাৎ করেই সংস্কারাধীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে দেখা যায় মেসিকে। সামাজিক মাধ্যমে সে সফরের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা—তিনি কি কোনো প্রার্থীকে সমর্থন জানাবেন? তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, মেসির এমন কোনো পরিকল্পনা নেই। নির্বাচনি রাজনীতিতে নিজেকে জড়াতে চান না তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতেও মনোযোগী তিনি। আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আসন্ন আসরটি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও হতে পারে—এমন সম্ভাবনা থাকায় পুরো মনোযোগ এখন মাঠের পারফরম্যান্সেই রাখছেন এই ফরোয়ার্ড।
তবে বার্সেলোনায় ফেরার ইচ্ছা যে তার নেই, তা নয়। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতে কোনো না কোনো ভূমিকায় ক্লাবে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদিও সেই ফেরা কবে বা কী দায়িত্বে—তা এখনো পরিষ্কার নয়। নির্বাচনের সময় তিনি কোনো পক্ষ নেবেন না, বরং বিশ্বকাপ শেষে বিষয়টি নিয়ে ভাবার পরিকল্পনাই রয়েছে তার।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনের সময় মেসি বার্সেলোনার অধিনায়ক ছিলেন এবং তখন লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। তবে পরবর্তীতে চুক্তি নবায়ন না হওয়া এবং ক্লাব ছাড়ার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। এরপর থেকে প্রকাশ্যে লাপোর্তার পাশে আর দেখা যায়নি মেসিকে।
সব মিলিয়ে বার্সেলোনা সমর্থকদের জন্য আশার খবর—মেসির হৃদয়ে এখনো রয়ে গেছে কাতালান ক্লাবটি। তবে সেই প্রত্যাবর্তন নির্বাচনি প্রচারের অংশ হয়ে নয়, বরং সময় ও পরিস্থিতি অনুকূলে এলেই হতে পারে।
সূত্র : মার্কা
মন্তব্য করুন








