ট্রান্সফার উইন্ডো ঘিরে অসন্তোষ প্রকাশের জেরে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পরোক্ষভাবে সতর্কবার্তা দিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে লিগ জানিয়েছে, কোনো ব্যক্তি যত বড় তারকাই হন না কেন—নিজ ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল নাসরের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। সূত্রের বরাতে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না পেলে টানা দ্বিতীয় লিগ ম্যাচও বয়কট করার পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও আল নাসর শিবির আশা করছে, শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে রোনালদো খেলবেন। এর আগে সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি তিনি।
রোনালদোর অসন্তোষের মূল কারণ সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) বিনিয়োগ নীতি। তার অভিযোগ, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে আল নাসরে প্রয়োজনীয় শক্তিবৃদ্ধি হয়নি, অথচ প্রতিদ্বন্দ্বী আল হিলাল দলে ভিড়িয়েছে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে।
আল হিলাল ও আল নাসর দুই ক্লাবেরই বড় অংশের মালিকানা পিআইএফের হাতে।
তবে লিগ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, প্রতিটি ক্লাবই আর্থিক কাঠামোর ভেতরে থেকে স্বাধীনভাবে নিজেদের দল গঠন ও ব্যয় নির্ধারণ করে। এক মুখপাত্র বলেন, সৌদি প্রো লিগের মূল নীতি হলো—সব ক্লাব একই নিয়মের অধীনে স্বাধীনভাবে পরিচালিত হবে। খেলোয়াড় সংগ্রহ, ব্যয় ও কৌশল নির্ধারণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট ক্লাবের নিজস্ব বিষয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জিততে চান এটাই স্বাভাবিক। কিন্তু কোনো ব্যক্তিই তার নিজ ক্লাবের সীমার বাইরে সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন না।’
লিগ সূত্রে জানা গেছে, ক্লাবগুলোর ট্রান্সফার তহবিল সরাসরি পিআইএফ থেকে আসে না; বরং ‘প্লেয়ার অ্যাকুইজিশন ফান্ড’ নামে কেন্দ্রীয় একটি তহবিল থেকে বার্ষিক বরাদ্দ দেওয়া হয়। ক্লাবের আকার ও কাঠামো অনুযায়ী বরাদ্দ নির্ধারিত হলেও দেশের শীর্ষ চার ক্লাব—আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি প্রায় সমপরিমাণ অর্থ পেয়ে থাকে।
গত গ্রীষ্মে আল নাসর বড় অঙ্কের বিনিয়োগ করে জোয়াও ফেলিক্স ও কিংসলি কোমানকে দলে ভেড়ায় এবং রোনালদোর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করে। ফলে শীতকালীন উইন্ডোতে তাদের তহবিল তুলনামূলক সীমিত ছিল বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আল হিলালের বেনজেমা চুক্তির পেছনে ব্যক্তিগত এক বিনিয়োগকারীর অর্থায়ন ছিল বলে জানা গেছে।
সব অনিশ্চয়তার মাঝেও বৃহস্পতিবার রোনালদোর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে আল নাসর। সেখানে বলা হয়, ‘এই কিংবদন্তি শুধু আরও বড় হচ্ছেন। আপনার মানসিকতা, নেতৃত্ব ও প্রতিশ্রুতিই আমাদের স্বপ্নকে এগিয়ে নিচ্ছে।’
সূত্র : ইএসপিএন
মন্তব্য করুন








